বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

১১ বছর বয়সে এসএসসি পাস! সাদুল্লাপুরে প্রধান শিক্ষক মাহমুদ মিয়ার বয়স জালিয়াতির ভয়াবহ তথ্য ফাঁস।

মোঃ ইউনুস আলী, স্টাফ রিপোর্টার : প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৫ পিএম
১১ বছর বয়সে এসএসসি পাস! সাদুল্লাপুরে প্রধান শিক্ষক মাহমুদ মিয়ার বয়স জালিয়াতির ভয়াবহ তথ্য ফাঁস।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জয়েনপুর আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদ মিয়ার বিরুদ্ধে ভয়াবহ বয়স জালিয়াতি, জাল কাগজপত্র তৈরি এবং দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের বিস্ফোরক অভিযোগ উঠেছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাকরির মেয়াদ অবৈধভাবে বাড়াতে তিনি পরিকল্পিতভাবে এসএসসি সার্টিফিকেট, ভোটার আইডি ও এমপিও শিটে ভিন্ন ভিন্ন জন্মতারিখ ব্যবহার করেছেন।

অনুসন্ধানে দেখা গেছে, তার বেতন-ভাতার এমপিও শিটে জন্মসাল ১৯৭৮, এসএসসি সার্টিফিকেটে ১৯৭৩, আর স্থানীয়ভাবে যাচাই করা তথ্যে উঠে এসেছে—প্রকৃতপক্ষে তার জন্ম ১৯৭২ সালে।

এমপিওতে ১৯৭৮, সার্টিফিকেটে ১৯৭৩। অভিযোগ অনুযায়ী, মো. মাহমুদ মিয়া (ইনডেক্স নং N56880056) এমপিও শিটে নিজের জন্মতারিখ দেখিয়েছেন ৩০ জুলাই ১৯৭৮ সাল। অথচ তার এসএসসি সার্টিফিকেট ও পুরোনো ভোটার আইডি কার্ডে জন্মতারিখ উল্লেখ রয়েছে ৩০ জুলাই ১৯৭৩ সাল। স্থানীয় অনুসন্ধান ও নথি যাচাইয়ে আরও জানা গেছে, তিনি প্রকৃতপক্ষে ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন।

এই জন্মসাল জালিয়াতির ফলেই তৈরি হয়েছে অবিশ্বাস্য ও হাস্যকর হিসাব। কারণ, তিনি ১৯৮৯ সালে এসএসসি পাশ করেছেন, অথচ এমপিও শিটে দেখানো জন্মসাল অনুযায়ী সে সময় তার বয়স দাঁড়ায় মাত্র ১১ বছর। শিক্ষাব্যবস্থার ইতিহাসে এমন ঘটনা শুধু বিরলই নয়, বরং অসম্ভব বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

১১ বছর বয়সে এসএসসি পাসের এই তথ্যে ফাঁসের পর থেকেই এলাকাজুড়ে তীব্র প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমপিও শিটেই প্রথম ধরা পড়ে গরমিল।

জানা গেছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ছাড়ের জন্য ব্যবহৃত অনলাইন এমপিও শিটে জয়েনপুর আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ মিয়ার জন্মতারিখ দেখানো হয়েছে ৩০ জুলাই ১৯৭৮ সাল। এই তথ্য অনুযায়ী তিনি দীর্ঘদিন ধরে সরকারি বেতন-ভাতা উত্তোলন করে আসছিলেন।

অন্যদিকে, এসএসসি সার্টিফিকেটে ধরা পড়ে ভয়াবহ গলদ। অনুসন্ধানে প্রতিবেদকের হাতে আসা ১৯৮৯ সালের এসএসসি সার্টিফিকেটের কপি অনুযায়ী, মাহমুদ মিয়া সাদুল্লাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে সাধারণ বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হন। সেই সার্টিফিকেটে তার জন্মতারিখ স্পষ্টভাবে লেখা রয়েছে ৩০ জুলাই ১৯৭৩ সাল।

অর্থাৎ, সরকারি স্বীকৃত এসএসসি সার্টিফিকেট থাকা সত্ত্বেও তিনি এমপিও শিটে জন্মসাল ১৯৭৮ দেখিয়ে বছরের পর বছর সরকারি অর্থ উত্তোলন করেছেন—এমন গুরুতর অভিযোগ উঠেছে।

একই সঙ্গে ভোটার আইডিতে গোপন সংশোধনের মাধ্যমে বয়স কমানোর নতুন কৌশলও ফাঁস হয়েছে। অভিযোগ রয়েছে, সুচতুরভাবে মাহমুদ মিয়া নিজের ভোটার আইডি কার্ডের তথ্য গোপনে সংশোধন করেন।

একাধিক অনুসন্ধানে জানা গেছে, তিনি পুরোনো ভোটার আইডি কার্ডের তথ্য গোপন করে ভুয়া ও সৃজিত কাগজপত্র দেখিয়ে নতুন সংশোধিত ভোটার আইডি কার্ড তৈরি করেন। নতুন আইডিতে আগের জন্মতারিখ পরিবর্তন করে ৩০ জুলাই ১৯৭৮ সাল দেখান তিনি।

এর আগে তার ভোটার তালিকায় জন্মসাল ছিল ১৯৭৩। জেলা ও উপজেলা নির্বাচন অফিসে একাধিকবার চেষ্টা করেও আনুষ্ঠানিকভাবে তথ্য পাওয়া না গেলেও, নির্বাচন অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার সূত্রে কিশামত শেরপুর গ্রামের ভোটার তালিকা অনুসন্ধানে জন্মসাল ১৯৭৩ সালের সত্যতা পাওয়া যায়।

সেই তালিকায় তার সিরিয়াল নম্বর ছিল ১২৪, ভোটার নম্বরের শেষাংশ ১২০১, পেশা হিসেবে শিক্ষক উল্লেখ ছিল এবং জন্মতারিখ লেখা ছিল ৩০ জুলাই ১৯৭৩ সাল।

অথচ সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকায় নতুন ভোটার হিসেবে তার জাতীয় পরিচয়পত্র নম্বরের শেষ চার সংখ্যা ৯২৭২, যেখানে জন্মতারিখ দেখানো হয়েছে ৩০ জুলাই ১৯৭৮ সাল।

তবে দীর্ঘদিন এই জালিয়াতি ধরা না পড়লেও সম্প্রতি ইএফটি যাচাইয়ে ফাঁস হয়েছে মাহমুদের জালিয়াতি। এ কারণে ৭ মাস ধরে তার বেতন-ভাতা বন্ধ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের ইএফটি (EFT) পদ্ধতিতে বিশেষ যাচাইয়ের সময় এমপিও শিট, এসএসসি সার্টিফিকেট ও এনআইডি কার্ডে জন্মতারিখের ভয়াবহ গরমিল ধরা পড়ে। এর ফলেই গত সাত মাস ধরে মাহমুদ মিয়ার অনলাইন বেতন-ভাতা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
এ বিষয়ে শিক্ষা অধিদপ্তরের ইএফটি শাখার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘কাগজপত্র যাচাইয়ে স্পষ্টভাবে বয়স জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আত্মসাৎ করা সরকারি অর্থ ফেরতের উদ্যোগ নেওয়া হবে।’
তবে জালিয়াতি ফাঁসে বেতন বন্ধ হওয়ার পর থেকেই মাহমুদ মিয়া বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেন বলে অভিযোগ রয়েছে। বয়স জালিয়াতির বিষয়টি আড়াল করতে তিনি নতুন করে ভুয়া কাগজপত্র তৈরি করে হাইকোর্টে রিট আবেদন করেছেন বলেও অনুসন্ধানে জানা গেছে।
এতেই শেষ নয়। অভিযোগ রয়েছে, জয়েনপুর আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি মূল স্থান থেকে সরিয়ে নিজের গ্রামের সড়কের পাশে ফাঁকা জমিতে স্থানান্তর করা হয়। বর্তমানে টিনশেড ভবনের ওই বিদ্যালয়ে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী না থাকলেও ৯ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়ে নিয়মিত সরকারের লাখ লাখ টাকা বেতন উত্তোলন করছেন। মাহমুদের বিরুদ্ধে বিদ্যালয়ে হাজিরা জালিয়াতি ও নিয়োগ বাণিজ্যের একাধিক অভিযোগ রয়েছে।
অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাহমুদ মিয়া দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও রাতে বা সুযোগ বুঝে একদিনে বহু দিনের হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে চলে যেতেন। একই সঙ্গে তিনি কিশামত শেরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি থাকাকালে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্য, আত্মীয়স্বজনকে শিক্ষক পদে বসানো এবং নানা অনিয়ম-দুর্নীতিতে জড়ান বলেও অভিযোগ রয়েছে। এমনকি তার স্ত্রীর সার্টিফিকেট জালিয়াতির বিষয়টি অডিটে ধরা পড়লেও তদবিরের মাধ্যমে বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে।

মাহমুদের জালিয়াতির বিষয়টি অবগত করা হলে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, ‘প্রধান শিক্ষকের বয়স জালিয়াতির বিষয়টি ইএফটি শাখায় ধরা পড়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কাগজপত্রের ঘাটতি, ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:৫৮ পিএম
কাগজপত্রের ঘাটতি, ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদনের ঘাটতির কারণে পাঁচটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পাঁচটি প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ধামরাই পৌরশহরের ইসলামপুর ও কালামপুর এলাকায় স্বাস্থ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. জাকারিয়া মাহমুদ এবং ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আহমেদুল হক তিতাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান সূত্রে জানা যায়, আল-মদিনা স্কয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা, ইসলামপুর জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা এবং আলাদীনস জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং কালামপুর হারুণ জেনারেল হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে আল-মদিনা স্কয়ার হাসপাতাল, ইসলামপুর জেনারেল হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, আলাদীনস জেনারেল হাসপাতাল ও সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কালামপুর হারুণ জেনারেল হাসপাতালকে জরিমানা করা হলেও এর কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়নি।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার জানান, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে শৃঙ্খলা নিশ্চিত করা, প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন যাচাই এবং স্বাস্থ্যসেবার মান বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টদের মতে, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, প্রয়োজনীয় অনুমোদন এবং স্বাস্থ্যসেবার মান নিয়মিত তদারকি করা জরুরি। এতে সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে।

ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মীর কাসেম

মানিকগন্জ প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:২০ পিএম
ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মীর কাসেম

মানিকগঞ্জের ধামশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জনাব মীর কাসেম।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের ধামশর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন জনাব মীর কাসেম। তাঁকে ঘিরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা চলছে।

ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ও এলাকার বিভিন্ন বিষয়ে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করছেন স্থানীয়রা।

ধামশর ইউনিয়নের মানুষের প্রত্যাশা, আগামী দিনে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রার্থীরা তাঁদের পরিকল্পনা তুলে ধরবেন।

সুন্দরগঞ্জ উপজেলার মাটির স্বাস্থ্য কার্ড বিতরণ, সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম
সুন্দরগঞ্জ উপজেলার মাটির স্বাস্থ্য কার্ড বিতরণ, সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় সার সংকট, কৃত্রিম সংকট সৃষ্টি ও সার বিতরণে অনিয়ম ঠেকাতে কার্ডের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) অনুমোদিত সুন্দরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার  সার ডিলার পয়েন্ট থেকে কৃষকদের পরিচয় ও জমির তথ্যের ভিত্তিতে সার বিতরণ করা হয়।

এ উদ্যোগের ফলে প্রকৃত কৃষকরা যাতে প্রয়োজন অনুযায়ী সার পান এবং কোনো মধ্যস্বত্বভোগী বা অসাধু ব্যবসায়ী অতিরিক্ত সার সংগ্রহ করতে না পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুন্দরগঞ্জ উপজেলা , গাইবান্ধার জেলার উদ্যোগে কৃষকদের মাটির স্বাস্থ্য সুরক্ষা (সাময়িক) কার্ড প্রদান করা হচ্ছে। কার্ডে কৃষকের পরিচিতি, জমির পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের সার ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সুষম সার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

স্থানীয় কৃষকদের মতে, কৃষকদের জন্য এ ধরনের কার্ডভিত্তিক সার বিতরণ ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে সার নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি প্রকৃত কৃষকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পাওয়ার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিয়মতান্ত্রিকভাবে এ কার্যক্রম অব্যাহত থাকলে সারসংকট মোকাবিলা, কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে কার্ড বিতরণের পাশাপাশি সার মজুত, মূল্যতালিকা প্রদর্শন এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।