উত্তরা থেকে খুলনা জেলা আ.লীগ নেতা মনিরুল ইসলাম গ্রেপ্তার
ছবি- সকালের বার্তা
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম শেখ মোঃ নুরুল হকের জ্যেষ্ঠ পুত্র এবং খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) গভীর রাতে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে শেখ মনিরুল ইসলামের বাসায় একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। অভিযান শেষে তাকে হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার গণমাধ্যমকে জানান, শেখ মনিরুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
সাবেক এমপির ছেলের গ্রেপ্তারের খবর তার নির্বাচনী এলাকা কয়রা ও পাইকগাছায় ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বর্তমানে তিনি পুলিশি পাহারায় কারাগারে রয়েছেন।



















