ভোলায় দেশীয় এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ ১ যুবক আটক
ভোলা সদর উপজেলার চরছিফলী এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় এলজি ও শর্টগানের দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মো. ইমরান (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ভোলা সদর মডেল থানার চর সামাইয়া ইউনিয়নের চরছিফলী এলাকার ১ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার (২৪ অক্টোবর) জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই করুন চন্দ্র বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মো. পলাশের বসতঘরের সামনের কক্ষে থাকা একটি প্লাস্টিকের র্যাক থেকে একটি দেশীয় এলজি ও শর্টগানের দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় চরছিফলী এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইমরানকে আটক করা হয়। তিনি ওই এলাকার বিল্লালের ছেলে এবং বকুল বেগমের সন্তান।
পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে পুলিশের পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।














