অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ইটভাটা মালিককে অর্থদণ্ড
দিনাজপুরের পার্বতীপুরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুটি ইটভাটার মালিককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার হামিদপুর ইউনিয়নের ঢেড়েরহাট বুড়াবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স বসুন্ধরা ব্রিকস ও মেসার্স সততা ব্রিকসের মালিককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় এ অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ কার্যকর হওয়ার বিধান উল্লেখ করা হয়েছে আদালতের আদেশে।
অভিযানের সময় বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক তুহিন বাবুসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।














