দেওয়ানগঞ্জে র্যাবের অভিযানে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
জামালপুরের দেওয়ানগঞ্জে ৪০০ গ্রাম হেরোইনসহ হুরমুছ আলী (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ পৌর শহরের তেঁতুলতলা সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলতলা সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক অবস্থায় হুরমুছ আলীকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। র্যাবের দাবি, উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
গ্রেপ্তার হুরমুছ আলী গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার খাটিয়ামারী চর গ্রামের মৃত ফরমান আলীর ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার দুপুরে গ্রেপ্তার হুরমুছ আলীকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।













