মুরাদনগরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল বস্তাভর্তি দেশীয় অস্ত্র
কুমিল্লার মুরাদনগরে মাছ শিকার করতে গিয়ে জেলের জালে নয়, বরং উঠে এলো বস্তাভর্তি দেশীয় অস্ত্রের বিশাল মজুদ। উদ্ধারকৃত এসব অস্ত্রের মধ্যে রামদা, হকিস্টিক ও লোহার পাইপসহ দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন মারাত্মক হাতিয়ার রয়েছে।
শনিবার (৬ জুন) সকালে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের পণ্ডিত বাড়ির একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় এগুলো পুকুরের তলানিতে লুকিয়ে রাখা হয়েছিল।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নবীপুর গ্রামের কয়েকজন লোক বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জন্য নামেন। একপর্যায়ে পানির নিচে পায়ে ভারী কিছু একটার ধাক্কা লাগে। কৌতুহলবশত তারা বস্তাটি টেনে পুকুরপাড়ে তুলে আনেন এবং ভেতরে অস্ত্রের উপস্থিতি টের পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মুরাদনগর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয় ইউপি সদস্য ও সাধারণ মানুষের উপস্থিতিতে পরিত্যক্ত বস্তাটি খোলা হলে সেখান থেকে ধারালো রামদা, লোহার পাইপ ও হকিস্টিকসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
এই বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। কারা, কী উদ্দেশ্যে এই অস্ত্রগুলো পুকুরে লুকিয়ে রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।













