বুড়িচংয়ে দায়িত্ব পালনকালে পুলিশকে কুপিয়ে জখম, দুই নারী গ্রেপ্তার
কুমিল্লার বুড়িচং উপজেলায় পারিবারিক কলহের জেরে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে মো. ফোরকান নামে এক পুলিশ কনস্টেবল মারাত্মকভাবে আহত হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী লিজা আক্তার এবং নেয়ামুল কবিরের স্ত্রী শেফালী বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে বুড়িচংয়ের রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকায় একটি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মারামারি শুরু হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়।
সেখানে পৌঁছানো মাত্রই একদল লোক ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। হামলার একপর্যায়ে কনস্টেবল ফোরকানকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। উদ্ধার করে প্রথমে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ৯৯৯-এর ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপর এই হামলা চালানো হয়। সরকারি কাজে বাধা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে দুই নারী আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং বাকিদের ধরতেও অভিযান চলছে।













