মুরাদনগরে ১২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ কালা ফারুক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
কুমিল্লার মুরাদনগরে মাদক ও চুরিসহ ১২টি মামলার আসামি, এলাকায় ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত কালা ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ হাজার টাকা জরিমানা এবং ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
গতবুধবার দিবাগত রাতে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের পৈইয়াপাথর এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। আটককৃত ফারুক হোসেন (৩৮), ওরফে কালা ফারুক, নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রামের মহরম আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম সারোয়ার রাব্বী। এসময় মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীসহ পুলিশের একাধিক সদস্য উপস্থিত ছিলেন।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে কালা ফারুককে হাতেনাতে আটক করা হয়।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বী জানান, জনস্বার্থে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অপরদিকে, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে মাদক ও চুরির ১২টি মামলা রয়েছে।





















