কর্ণফুলীতে যুবলীগ সভাপতি নাজিম উদ্দীন হায়দার ফের গ্রেপ্তার
ছবি- সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন হায়দারকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খুইদ্দ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ২০২১ সালের একটি চেক প্রতারণা মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়। ওই মামলায় তিনি ৯ মাসের সাজাপ্রাপ্ত আসামি।
স্থানীয়রা জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে নাজিম উদ্দীন হায়দার পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান – “ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ৩ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী থানা পুলিশের একটি দল উপজেলার ডাঙারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল। তার বিরুদ্ধে গত ৪ আগস্ট নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় মামলা দায়ের হয়।













