বন বিভাগের দুঃসাহসিক অভিযান: সাতক্ষীরা রেঞ্জে অস্ত্র ও গুলিসহ জলদস্যুদের সরঞ্জাম উদ্ধার
ছবি- সকালের বার্তা
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বন বিভাগের এক সফল অভিযানে তিনটি দেশীয় অস্ত্র ও চার পিস গুলি উদ্ধার করা হয়েছে। পশ্চিম সুন্দরবনের কঞ্চি খাল এলাকায় এই দুঃসাহসিক অভিযান পরিচালনা করে বন কর্মীরা।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার সুনির্দিষ্ট দিকনির্দেশনায় কৈখালী (কবাতক) স্টেশনের কর্মকর্তারা এই বিশেষ অভিযান পরিচালনা করেন। সুন্দরবনের গভীরে কঞ্চি খাল এলাকায় টহল দেওয়ার সময় বন রক্ষীদের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত অস্ত্র ও গুলি ফেলে রেখে যায়। পরবর্তীতে সেখান থেকে তিনটি দেশীয় বন্দুক ও চার পিস তাজা গুলি উদ্ধার করা হয়।
এই অভিযানকে বন বিভাগের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে ও শ্রমজীবী মানুষেরা এই খবরে স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয় জেলেদের মতে, এ ধরনের তৎপরতা জলদস্যুদের দমনে কার্যকর ভূমিকা রাখবে।
তবে অভিযানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সাধারণ মানুষের দাবি, জলদস্যু বাহিনীর সদস্যদের আইনের আওতায় আনা গেলে বন সংলগ্ন এলাকায় নিরাপত্তা আরও নিশ্চিত হতো। সুন্দরবনের সম্পদ রক্ষা এবং বনজীবীদের নিরাপত্তা দিতে বন বিভাগ এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সকলে।

















