কোম্পানীগঞ্জে ১২ কোটি টাকার পাওনা আদায়ের দাবিতে মোহাম্মদীয়া ব্রিকফিল্ডে মানববন্ধন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের নবীর দোকান এলাকায় অবস্থিত মোহাম্মদীয়া ব্রিকফিল্ডের প্রায় ১২ কোটি টাকার পাওনা আদায়ের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। বুধবার দুপুরে মোহাম্মদীয়া ব্রিকস্ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ক্ষতিগ্রস্তদের দাবি, মোহাম্মদীয়া ব্রিকফিল্ডের মালিক আবুল কালাম ওরফে ফারুকের কাছ থেকে প্রায় ৪শ’ গ্রাহক অগ্রিম (ফরোয়ার্ড) ভিত্তিতে প্রায় ১২ কোটি টাকার ইট ক্রয় করেন। কিন্তু নির্ধারিত সময়ে ইট সরবরাহ বা টাকা ফেরত না পেয়ে তারা বিপাকে পড়েছেন। দীর্ঘদিন ধরে টাকা ফেরতের আশ্বাস দিলেও বাস্তবে কোনো সমাধান হয়নি বলে অভিযোগ করেন গ্রাহকরা।
মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রাহকরা বলেন, “আমরা হয় আমাদের সম্পূর্ণ টাকা ফেরত চাই, নয়তো যে পরিমাণ ইটের জন্য অগ্রিম অর্থ প্রদান করেছি, সেই ফরোয়ার্ড ইট আমাদের বুঝিয়ে দিতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”
এ সময় কয়েকজন গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের কষ্টার্জিত অর্থ আত্মসাৎ করা হয়েছে। দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলেও তারা হুঁশিয়ারি দেন।
মানববন্ধন চলাকালে উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিমল কর্মকার বুধবার রাতেই থানায় একটি বৈঠকের আহ্বান জানান। তার আশ্বাসের ভিত্তিতে মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করে স্থান ত্যাগ করেন।
এ বিষয়ে অভিযুক্ত মালিক আবুল কালাম ওরফে ফারুকের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


















