রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলার রহস্য উদঘাটন, শুটারসহ গ্রেপ্তার ২

আব্দুল্লাহ আল মামুন, যশোর প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০২ পিএম
মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলার রহস্য উদঘাটন, শুটারসহ গ্রেপ্তার ২

যশোরের মনিরামপুর থানায় সংঘটিত রানা প্রতাপ বৈরাগী হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় শুটারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, গুলি, চাকু ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৫টা ২৮ মিনিটে মনিরামপুর থানাধীন কপালিয়া বাজার এলাকায় ঝুমা বিউটি পার্লারের সামনে রানা প্রতাপ বৈরাগী দাঁড়িয়ে থাকা অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে গুলি করে। পরে হত্যার বিষয়টি নিশ্চিত করতে তার গলায় ধারালো অস্ত্র দিয়ে জবাই করে মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পরপরই পুলিশ সুপার, যশোরের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও মনিরামপুর থানা পুলিশের সমন্বয়ে একটি চৌকস টিম অভিযান শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, আধুনিক তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে তদন্ত এগিয়ে নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান ও এএসআই (নিঃ) লাবলুর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ২০ ফেব্রুয়ারি ২০২৬ ভোর আনুমানিক ৩টার দিকে রাজশাহী জেলার তানোর থানাধীন মোহাম্মদপুর গ্রাম থেকে মোঃ মাহমুদ হাসান হৃদয় (২৮) ও মোঃ শামীম হুসাইন (৩১) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত একটি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড তাজা গুলি, একটি ফোল্ডিং চাকু এবং একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বাড়ি যশোর জেলার অভয়নগর থানাধীন ৪ নম্বর পায়রা ইউনিয়নের বারান্দি এলাকায়। তারা হলো—
মোঃ মাহমুদ হাসান হৃদয় (২৮), পিতা হাবিবুর রহমান, মাতা মমতাজ বেগম এবং
মোঃ শামীম হুসাইন (৩১), পিতা মৃত শহিদুল ইসলাম, মাতা আছিয়া বেগম।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও দ্রুত রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ

মো. রাজিব মিয়া, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:২২ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) এ উপলক্ষে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের হাতে উন্নতমানের খাবার তুলে দেওয়া হয়। এই দিন সকালে উন্নত মানের নাস্তা এবং দুপুরের খাবার হিসেবে খাসির মাংস, পোলাও, সাদা ভাত, ডিম, সালাদ এবং ফল হিসেবে প্রত্যেক রোগীকে আপেল দেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, ৭ নভেম্বর উপলক্ষে রোগীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের মানবিক কার্যক্রম রোগীদের মনোবল বাড়ানোর পাশাপাশি হাসপাতাল ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে ভূমিকা রাখবে।

দিবসটি উপলক্ষে উন্নত মানের খাবার পেয়ে রোগীরা ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ কে সাধুবাদ জানান এবং হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সুচিকিৎসার পাশাপাশি মনস্তাত্ত্বিক আনন্দের জন্য এ ধরনের উন্নত খাবারের ব্যবস্থা করায় স্বাস্থ্য কমপ্লেক্সের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা।

মানিকগঞ্জ পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ইঞ্জিনিয়ার মাহবুব আহমেদ

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ: প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:১৩ পিএম
মানিকগঞ্জ পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ইঞ্জিনিয়ার মাহবুব আহমেদ

মানিকগঞ্জ পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইঞ্জিনিয়ার মাহবুব আহমেদ।

সম্প্রতি তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করে পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইঞ্জিনিয়ার মাহবুব আহমেদ জানান, মানিকগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে হলে পরিকল্পিত উন্নয়ন এবং নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে সুযোগ পেলে পৌরসভার রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং যানজট কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে চান তিনি।

তিনি আরও বলেন, পৌরসভার উন্নয়ন শুধু অবকাঠামোগত পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। নাগরিকদের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, জবাবদিহি এবং জনসম্পৃক্ততার ভিত্তিতে পৌরসভার কার্যক্রম পরিচালনা করতে হবে। পরিকল্পিত নগরায়ণ ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মানিকগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করা সম্ভব বলে তিনি মনে করেন।

মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ইঞ্জিনিয়ার মাহবুব আহমেদ পৌরসভার সর্বস্তরের মানুষের সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী পৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

তার এ ঘোষণাকে কেন্দ্র করে মানিকগঞ্জ পৌরসভার আগামী দিনের নির্বাচন ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।

মিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৯:৪৪ পিএম
মিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়ার মিরপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারকের সঞ্চালনে বক্তব্য রাখেন, মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীন ও মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী। এসময় মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পিযুষ কুমার সাহা, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম পলক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, যুব উন্নয়ন অফিসার বদিউজ্জামান, বন কর্মকর্তা জুয়েল রানা, নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক ইব্রাহিম আলী সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ই নভেম্বর জাতীয় জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিন। দেশের স্বাধীনতা রক্ষা, সার্বভৌমত্ব সুসংহত করা এবং গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে এই দিনের চেতনা আজও অনুপ্রেরণা জোগায়। দেশের কল্যাণে ভেদাভেদ ভুলে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এরপর উপজেলা অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে চিত্রাংকন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। অন্যদিকে
বিকেলে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপি ও উপজেলা প্রশাসনের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও বার কাউন্সিলের সদস্য ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী, উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা এবং গনমাধ্যমকর্মীদের অংশ গ্রহণে খেলাটি প্রাণবন্ত হয়ে উঠে।