কালীগঞ্জে এসিল্যান্ডের টানা অভিযান: এক মাসে ৩২টি মোবাইল কোর্ট, জরিমানা প্রায় ২ লাখ টাকা
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাকের নেতৃত্বে নিয়মিতভাবে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হচ্ছে। গত জানুয়ারি মাসে উপজেলার বিভিন্ন এলাকায় মোট ১৮টি অভিযানে ৩২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় অবৈধ স্থাপনা, ভোক্তা অধিকার লঙ্ঘন, খাদ্য নিরাপত্তা আইন ভঙ্গ, পরিবেশ দূষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত আইন, ২০০৯, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, নিরাপদ খাদ্য আইন, ২০১৩, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী জরিমানা করা হয়। এক মাসে এসব অভিযানে মোট প্রায় দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, সহকারী কমিশনার (ভূমি) শাহীদ ইশরাক যোগদানের পর থেকে মোবাইল কোর্ট কার্যক্রমে উল্লেখযোগ্য গতি এসেছে এবং ভূমিসেবার মান দৃশ্যমানভাবে উন্নত হয়েছে। পূর্বে অতিরিক্ত দায়িত্বের চাপের কারণে কিছু সেবা কার্যক্রমে স্থবিরতা থাকলেও বর্তমানে দৈনন্দিন কর্মকাণ্ডে কার্যকারিতা ও সেবার মান বৃদ্ধি পেয়েছে।
স্থানীয়দের মতে, টানা মোবাইল কোর্ট অভিযানের ফলে সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আইন মেনে চলার প্রবণতা বেড়েছে। প্রশাসনের এই উদ্যোগকে তারা সময়োপযোগী ও কার্যকর বলে মনে করছেন।
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, অনিয়ম রোধ ও সেবার মান বৃদ্ধিতে এ ধরনের অভিযান প্রশংসনীয়। এতে জনগণ আরও সচেতন ও নিরাপদ হচ্ছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শাহীদ ইশরাক বলেন, ভূমিসেবার মান উন্নয়ন এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।













