র্যাবের জালে এসিল্যান্ডের ওপর হামলা মামলার মূলহোতা ফয়সাল, বাগেরহাট থেকে গ্রেপ্তার
ছবি- দৌলতদিয়া পোড়া ভিটার প্রশাসনের হামলার প্রধান আসামি ফয়সাল
রাজবাড়ীর গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হামলা চালিয়ে হ্যান্ডকাফ পরিহিত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি ফয়সাল শেখ (৩০)কে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
রবিবার (২৮ জুন) সকালে ফরিদপুরে র্যাব-১০-এর সিপিসি-৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত শনিবার (২৭ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তা এবং র্যাব-৬-এর সহযোগিতায় বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে ফয়সাল শেখকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকার অপু শেখের ছেলে এবং গোয়ালন্দঘাট থানার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি।
র্যাব সূত্র জানায়, গত ২০ জুন গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ফয়সালের দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করে তাকে আটক করেন।
পরবর্তীতে আইনগত কার্যক্রম চলাকালে ফয়সালের সহযোগীরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে অতর্কিত হামলা চালায় এবং হ্যান্ডকাফ পরিহিত ফয়সালকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই র্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অবশেষে মামলার প্রধান আসামি ফয়সাল শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।













