কসবায় ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট: ৫ প্রতিষ্ঠানের ৫৫ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি ফার্মেসিকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার ঔষধ তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেন। পরিদর্শনের সময় কয়েকটি ফার্মেসিতে ফিজিশিয়ানস স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে ৫টি ফার্মেসিকে ভোক্তা ও ঔষধ সংক্রান্ত প্রচলিত আইনে মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
তিনি বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অবৈধভাবে ঔষধ মজুদ কিংবা বিক্রির কোনো সুযোগ নেই। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিরাপদ ঔষধ সরবরাহ নিশ্চিত করা, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি ও অভিযান
পরিচালিত হলে অবৈধ ও নিম্নমানের ঔষধ বিক্রি অনেকাংশে কমে আসবে এবং সাধারণ মানুষ নিরাপদ স্বাস্থ্যসেবা পাবে।














