নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
ছবি- সকালের বার্তা
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ এপ্রিল) রাতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মতলুবর রহমানের তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার ৪নং বোতলাগাড়ী ইউনিয়নের বোতলাগাড়ী মাঝাপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে হাসিনুর ওরফে হাসানের বাড়ি থেকে মো. জামাল হোসেন (২৪) নামে এক যুবককে আটক করা হয়। তিনি রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার শিলকাটাছড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কক্সবাজার সদর উপজেলার পাহাড়তলী ইসলামপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পরে আটক ব্যক্তির ব্যবহৃত কালো রঙের একটি ব্যাগ তল্লাশি করে হলুদ ঢাকনাযুক্ত সাদা স্বচ্ছ প্লাস্টিকের একটি পাত্রের ভেতর রাখা দুইটি জিপার পলিথিনে মোট ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে একটি প্যাকেটে ২০০ পিস এবং অপরটিতে ১৭০ পিস ইয়াবা ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২, তারিখ ১ মে ২০২৬। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নীলফামারী জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।













