পীরগঞ্জে আদালতের আদেশ অমান্য করে জমি দখল: ভূক্তভোগীর মানববন্ধন
ছবি- সকালের বার্তা
রংপুরের পীরগঞ্জে আদালতের আদেশ অমান্য করে প্রায় কোট টাকা মুল্যের জমি দখল করায় যুবলীগ নেতা মাসুম আকন্দ ও তদন্তের নামে সময় ক্ষেপনের মাধ্যমে সহযোগিতা করার অভিযোগে পীরগঞ্জ থানার ওসি (তদন্ত)’র বিরুদ্ধে মানববন্ধন করেছে ভূক্তভোগী পরিবার। বুধবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভূক্তভোগী পরিবারের সদস্য তৌহিদুল ইসলাম মন্ডল, সাংবাদিক কবি-সাহিত্যিক সুলতান আহমেদ সোনা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপি নেতা আব্দুল করিম সরকার, পৌর যুবদল নেতা একরামুল হক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৮৭ সালে ৯৩৬০নং দলিলে হুজুর আলী মন্ডল ও ১৯৯৪ সালে ৩৫৬৫ কবলা দলিল মূলে মোখলেছার রহমানের নিকট থেকে ওসমানপুর মৌজায় ১০৯১ দাগে ২২.৫ শতক জমি ক্রয় করেন তৌহিদুল মন্ডলের পিতা মৃত তসলিম উদ্দিন মন্ডল। প্রায় চল্লিশ বছর ধরে ভোগদখল করা অবস্থায় বর্তমান বিআরএস রেকর্ড নিজ নামে হওয়ার পর তসলিম উদ্দিন ওরফে ভূলু মন্ডল মারা গেলে তার ওয়ারিশরা ওই জমি ভোগদখল করে আসছিল।
সম্প্রতি ঢাকা-রংপুর মহাসড়ক সম্প্রসারন কাজে ৪ শতক জমি অধিগ্রহণ করে সওজ। অধিগ্রহনকৃত জমির অর্থও রংপুর ডিসি অফিস প্রদান করে ভুলু মন্ডলের ওয়াশিরদেরকে। ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারী রাতের আধারে ভাড়াটিয়া লোকজন দিয়ে টিনের বেড়া দিয়ে জমি দখলে নিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে তৌহিদুল মন্ডলের কাছে। নিরুপায় হয়ে তছলিম উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম মন্ডল অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা রুজু করেন। বিজ্ঞ আদালতের নির্দেশে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেন। ১২/১১/২০২৫ তারিখে রংপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ১৪৪/১৪৫ ধারা (২৭৫/২৫) বাদীর পক্ষে রায় প্রদান করেন। রায়ে বলা হয় ‘‘জমিতে বিবাদীদের প্রবেশাধিকারে বারিত করা হয়। এই আদেশ বাস্তবায়নে সংশ্লিষ্ট পীরগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেয়া হয়।
মিমাংসার অজুহাতে দীর্ঘ সময় অতিবাহিত করে বিবাদী ভূমি দস্যু মাসুদকে জমিতে অবকাঠামো নিমার্ণে সুযোগ করে দেন ওসি তদন্ত নাহিদ ইসলাম বলে অভিযোগ করেন ভূক্তভোগীর পরিবার।
এ বিষয়ে ওসি তদন্ত নাহিদ ইসলামের সরকারি নম্বরে (০১৩২০১৩১৫১২) একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।











