সাভারে আসছেন প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ ও নতুন সংসদ সদস্যরা
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের রায়ে সরকার গঠন করে নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ ও সংসদ সদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে বাংলার বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আসবেন। সেজন্য জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রং তুলিতে বিভিন্ন স্থাপনার সৌন্দর্য বর্ধন, বিভিন্ন প্রকার ফুলের বাগান তৈরি, ময়লা-বর্জনা পরিষ্কার ও ছোটখাটো স্থাপনার সংস্কার করা। এছাড়াও নিরাপত্তা জোরদার করা, সমগ্র স্মৃতিসৌধ প্রাঙ্গণ সিসিটিভি দ্বারা মনিটরিং করা। নিরাপত্তা ও সংস্কার কাজের জন্য গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে স্মৃতিসৌধ প্রাঙ্গনে সর্বসাধারণের প্রবেশে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।
সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত রবিবার সকাল থেকে সর্ব সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ প্রতিটা গেটে নোটিশ টাঙ্গিয়ে দেন। তিনি আরো জানান, নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা কবে নাগাদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করবেন তার চূড়ান্ত তারিখ ঠিক না হলেও স্মৃতিসৌধ কর্তৃপক্ষ বলছে, যেদিন তারা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন সেদিন পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের জন্য প্রবেশ বন্ধ থাকবে। তবে শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ আবার খুলে দেওয়া হবে।
জানা যায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের সকাল ১০টার দিকে এমপি ও বিকেল ৪টার দিকে মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর যেকোনো দিনে (সম্ভাব্য ১৮ ফেব্রুয়ারি, বুধবার) নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রীপরিষদ ও সংসদ সদস্যরা জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসবেন। সেজন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন প্রাঙ্গণ ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। এছাড়া জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

















