সততা ও নিষ্ঠার স্বীকৃতি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভোলার মেয়ে সিমার পদোন্নতি
পপুলার ডায়াগনস্টিক সেন্টারের যাত্রাবাড়ী শাখায় কর্মরত ভোলার মেয়ে সিমা বেগম পদোন্নতি পেয়েছেন। তিনি প্রতিষ্ঠানটির ইউএসজি (USG) ও কার্ডিওলজি (Cardiology) ডিপার্টমেন্টের ‘অ্যাসিস্ট্যান্ট’ পদ থেকে পদোন্নতি পেয়ে ‘ইইজি টেকনিশিয়ান’ (EEG Technician) হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গত ৩ জুন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ধানমন্ডি প্রধান কার্যালয় থেকে দেশের বিভিন্ন শাখার মোট ২১২ জন কর্মকর্তা ও কর্মচারীকে পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে যাত্রাবাড়ী শাখার পাঁচজন কর্মী পদোন্নতি লাভ করেন। তাঁদেরই একজন ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামের বাসিন্দা মো. ছালেমের মেয়ে সিমা বেগম।
গত ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের যাত্রাবাড়ী শাখার ইউএসজি ও কার্ডিওলজি ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগদান করেছিলেন সিমা। কর্মক্ষেত্রে দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিয়ে সম্প্রতি তিনি ইইজি টেকনিশিয়ান হিসেবে পদোন্নতি ও দায়িত্বভার গ্রহণ করেন।
নিজের এই অর্জনে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিমা বেগম বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমি এই সম্মানজনক পদোন্নতি লাভ করেছি।”
এই সাফল্যের পেছনে যাত্রাবাড়ী শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান বিশ্বাস, প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা, পিআরও (PRO) এবং সহকর্মীদের আন্তরিক সহযোগিতা ও সমর্থনের কথা উল্লেখ করে তাঁদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান সিমা।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যক্ত করে সিমা বেগম বলেন, “আগামী দিনগুলোতেও সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে প্রতিষ্ঠান ও রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই।” নতুন কর্মদিবসে সফলতার সাথে দায়িত্ব পালনের জন্য তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।










