মাদারীপুরে টিসিবির গুদামে ভয়াবহ আগুন: পুড়লো ১০ লাখ টাকার পণ্য, অল্পের জন্য রক্ষা পেলো পাটের গুদাম
মাদারীপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামে থাকা চাল, ডাল, তেল ও চিনিসহ বিপুল পরিমাণ সরকারি খাদ্যপণ্য পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ডিলারের দাবি, এই অগ্নিকাণ্ডে তাঁর প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় টিসিবির ডিলার ইসমাইল মোল্লার গুদামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে গুদামের ভেতর হঠাৎ আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা নিজস্ব উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে মাদারীপুর স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পদক্ষেপ নেয়ায় টিসিবির গুদাম সংলগ্ন একটি বড় পাটের গুদাম অল্পের জন্য রক্ষা পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।
ক্ষতিগ্রস্ত টিসিবি ডিলার ইসমাইল মোল্লা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন,”মাত্র দুই দিন আগেই জনসাধারণের মাঝে বিতরণ করার জন্য বিপুল পরিমাণ খাদ্যপণ্য এই গুদামে মজুদ করা হয়েছিল। এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটবে জানলে একসাথে ১০ লাখ টাকার পণ্য এখানে রাখতাম না। আমার সব শেষ হয়ে গেল।”
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান জানান, “খবর পাওয়ার পরপরই আমাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দ্রুত ব্যবস্থা নেয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে, অন্যথায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বাড়ত।”
এদিকে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব এ প্রসঙ্গে বলেন, “আগুনের প্রকৃত কারণ এবং সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। যেহেতু সরকারি পণ্য পুড়ে গেছে, তাই এটি সাধারণ দুর্ঘটনা নাকি কোনো নাশকতা, তা গভীরভাবে খতিয়ে দেখা হবে।”


















