সুনামগঞ্জ-৪ আসনে নূরুলের নির্বাচনী ইশতেহার ঘোষণা‘সেফ সুনামগঞ্জ, সেভ সুনামগঞ্জ’ গড়ার অঙ্গীকার
সুনামগঞ্জ-৪ আসনের (সদর–বিশ্বম্ভরপুর) বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেছেন, জেলার মধ্যমণি এই আসনটি দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতা, অব্যবস্থাপনা ও উন্নয়ন অবহেলার শিকার। সময় এসেছে এই বঞ্চনা দূর করার। সকলকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ ও বাসযোগ্য জনপদ গড়ে তুলতেই তাঁর অঙ্গীকার‘সেফ সুনামগঞ্জ, সেভ সুনামগঞ্জ’।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নূরুল বলেন, আসন্ন নির্বাচনে ভোটারদের ভোট ও সমর্থন পেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩১ দফা সংস্কার কর্মসূচির আলোকে সুনামগঞ্জ-৪ আসনকে একটি নিরাপদ, কর্মসংস্থানমুখী ও মর্যাদাশীল জনপদে রূপান্তর করা হবে।
লিখিত ইশতেহার পাঠকালে তিনি সামাজিক নিরাপত্তা ও মানবিক মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার করেন। এ সময় তিনি বলেন, ফ্যামেলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদানে স্বচ্ছতা, নারী ও শিশু নির্যাতন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, আতম মিসবাহ, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট শেরেনূর আলী, নজরুল ইসলাম, ব্যারিস্টার আবিদুল হক, মুনাজ্জির সুজন, সাইফুল হাসান জুনেদ, নাসিম উদ্দিন লালা, আব্দুল্লা আল নোমানসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।













