ঝাঁপায় বিএনপির যৌথ সভা, সংগঠন শক্তিশালী করার আহ্বান
ছবি- সকালের বার্তা
যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাজগঞ্জ বাজার মুক্তমঞ্চ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সংগঠনকে তৃণমূল থেকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আসন্ন মণিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান মিন্টু। তিনি বলেন, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে হবে। দল ও দেশের স্বার্থে বিভেদ ভুলে তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে এবং ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকরামুল হোসেনের সঞ্চালনায় সভায় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এছাড়া ঝাঁপা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।











