ঘোষণার একদিন পরই স্থগিত এনসিপির পার্বতীপুর উপজেলা কমিটি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পার্বতীপুর উপজেলা আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। দলটির জেলা পর্যায়ের নেতারা বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ জুন গঠিত পার্বতীপুর উপজেলা আহ্বায়ক কমিটি যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া ও অনুমোদন অনুসরণ করে গঠন করা হয়নি বলে জেলা নেতৃত্বের পর্যালোচনায় উঠে এসেছে। এ কারণে কমিটির সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এনসিপি দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সোহেল সাজ্জাদ, জোবাইদুল হক, রিয়াজ উদ্দিন, মিনহাজ জামান, একরামুল হক আবির এবং মো. জাহিদ হাসান।
এতে সংশ্লিষ্ট নেতাকর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার ৫১ সদস্যবিশিষ্ট পার্বতীপুর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে প্রকৌশলী শহিদুল ইসলামকে আহ্বায়ক এবং লোকমান হোসেন (খোকন)কে সদস্যসচিব করা হয়।
স্থানীয়ভাবে ঘোষিত কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও উঠেছিল। তবে এ বিষয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জেলা নেতৃত্ব জানিয়েছে, পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ কার্যকর থাকবে।















