চরফ্যাশন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনায় উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল
আসন্ন চরফ্যাশন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য মেয়র প্রার্থীদের তালিকায় উঠে এসেছে উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেলের নাম। দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে ইতোমধ্যে তিনি একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জাহিদুল ইসলাম রাসেল চরফ্যাশনের সাধারণ মানুষের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন। বিভিন্ন সময়ে দলীয় কর্মসূচি, সামাজিক উদ্যোগ এবং জনসেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার কারণে তৃণমূল নেতাকর্মীদের মাঝে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
নেতাকর্মীরা মনে করছেন, তরুণ ও কর্মঠ নেতৃত্ব হিসেবে জাহিদুল ইসলাম রাসেল পৌরবাসীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। দলীয় ঐক্য বজায় রেখে এবং সাধারণ মানুষের পাশে থেকে তিনি চরফ্যাশন পৌরসভাকে আধুনিক ও উন্নত নগরীতে রূপান্তর করার প্রত্যাশা ব্যক্ত করছেন সমর্থকরা।
এ বিষয়ে জাহিদুল ইসলাম রাসেল বলেন, “দল যদি আমাকে যোগ্য মনে করে এবং চরফ্যাশন পৌরবাসী পাশে থাকে, তাহলে আমি মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতি নেব। আমি সবসময় মানুষের সেবা করতে চাই এবং পৌরসভার উন্নয়নে কাজ করতে চাই।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণ নেতৃত্বের অংশগ্রহণে আসন্ন চরফ্যাশন পৌরসভা নির্বাচন আরও প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত হয়ে উঠবে।








