পাংশায় পথচারীকে রক্ষা করতে গিয়ে পেঁয়াজবোঝাই ট্রাক উল্টে আহত ৪, বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক
উল্টে আহত ৪, বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক
রাজবাড়ীর পাংশা উপজেলায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে পেঁয়াজবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন বৃদ্ধের অবস্থা গুরুতর।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত প্রায় ৯টার দিকে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের পাংশা উপজেলার মৈশালা চক্ষু হাসপাতালের কাছাকাছি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দা ৭৬ বছর বয়সী নুরুল মণ্ডল, ট্রাকচালক শাকিল হোসেন (৩৫), তার ভাই ও সহকারী আমিন হোসেন (৩০) এবং ট্রাকে থাকা যাত্রী সেলিম রেজা (৫৫)। গুরুতর আহত নুরুল মণ্ডলকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কুষ্টিয়া থেকে ফেনীগামী পেঁয়াজবোঝাই একটি ট্রাক মৈশালা এলাকায় পৌঁছালে হঠাৎ এক পথচারী সড়কে উঠে পড়েন। তাকে এড়াতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি উল্টে গিয়ে মহাসড়কের পাশে পড়ে যায় এবং সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার সময় চালক, হেলপার ও এক যাত্রী গাড়ির ভেতরে আটকে পড়েন। একই সঙ্গে পথচারীও ট্রাকের নিচে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আটকে পড়াদের উদ্ধার করেন এবং আহতদের হাসপাতালে পাঠান।
ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার বিষয়টি তারা অবগত হয়েছেন। এ পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।













