পাংশায় বিএনপি প্রার্থী হারুন অর রশিদের পক্ষে ধানের শীষের মিছিল ও গণসমাবেশ
রাজবাড়ী-২ (পাংশা–কালুখালী–বালিয়াকান্দি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী মো. হারুন অর রশিদের সমর্থনে পাংশা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বৃহৎ নির্বাচনী মিছিল ও গণসমাবেশ। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে নির্বাচনী মিছিলটি শুরু হয়। মিছিলটি পাংশা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাংশা জর্জ হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
গণমিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের বিএনপি প্রার্থী মো. হারুন অর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খানসহ উপজেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মো. হারুন অর রশিদকে বিজয়ী করতে ভোটারদের প্রতি অনুরোধ জানান। মিছিল ও সমাবেশটি শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়।














