বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

নতুন দুই প্রার্থীর মধ্যে ভোটে হবে লড়াই, অপরজনেরা জামানত ঝুঁকিতে

মিয়া সুলেমান, ইশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২০ পিএম
নতুন দুই প্রার্থীর মধ্যে ভোটে হবে লড়াই, অপরজনেরা জামানত ঝুঁকিতে

ছবি- ফাইল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন এখন নানামুখী জল্পনা-কল্পনার কেন্দ্রবিন্দু। চার প্রার্থীর লড়াইয়ে দুজন সাবেক এমপি থাকলেও ভোটের মাঠে আলোচনায় বিএনপির প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী। একই সঙ্গে জাতীয় পার্টির তিনবারের সাবেক এমপি জামানত হারাতে পারেন বলেও আলোচনা-সমালোচনা চলছে।

এই আসনে লড়ছেন বিএনপির প্রার্থী ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ, ১১ দলীয় নির্বাচনী জোটে থাকা এলডিপির প্রার্থী আওরঙ্গজেব বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শাহ নূরুল কবির ও জাতীয় পার্টির প্রার্থী ফখরুল ইমাম। এই চার প্রার্থীর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার প্রার্থী হয়েছেন বিএনপি ও এলডিপির প্রার্থী। মূলত নতুন প্রার্থীর মধ্যেই সম্ভাব্য ভোটের লড়াই হবে বলে মনে করছেন স্থানীয়রা।

উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, ঈশ্বরগঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ৮৭৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ৯৯ জন, নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ৬৪৩ জন, তৃতীয় লিঙ্গের ৬ জন এবং পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত ৩ হাজার ১৩১ জন।

সরেজমিন দেখা গেছে, নির্বাচনী মাঠে প্রার্থীরা এখন পুরোদমে গণসংযোগে ব্যস্ত। কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রতিদিনই তারা ছুটে বেড়াচ্ছেন হাটে-বাজারে, ভোটারদের বাড়ি বাড়ি। শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক সংস্কার, কৃষির আধুনিকীকরণ থেকে শুরু করে বেকারদের কর্মসংস্থানের মতো নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন ভোটারদের সামনে। মিছিল-মিটিং, উঠান বৈঠক, শোডাউন করছেন। এ ছাড়া সকাল-সন্ধ্যা পাড়া-মহল্লা, চায়ের দোকান নির্বাচনী আলোচনা-সমালোচনায় সরগরম।

স্থানীয় একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, এই আসনে জাতীয় পার্টির ফখরুল ইমাম ১৯৮৮ সালে প্রথমবার এমপি হন। এরপর ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ২০১৮ সালের নির্বাচনে এমপি হন। টানা দুই মেয়াদে এমপি থাকা সত্ত্বেও উল্লেখযোগ্য উন্নয়ন দূরের কথা, তাকে চোখের দেখাও দেখেনি ভোটাররা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভোটার বলেন, পূর্বের মতো তিনি আর এমপি হতে পারবেন বলে মনে হয় না।

এ প্রসঙ্গে কথা হলে ফখরুল ইমাম বলেন, এটা ঠিক যে, আমাকে সাধারণ মানুষ ওইভাবে পায়নি। কিন্তু আমার দলের নেতাকর্মীরা তো সক্রিয়ভাবে মাঠে কাজ করেছে। আমার সময়ে ঈশ্বরগঞ্জ উপজেলায় ২৫৫ কিলোমিটার সড়ক পাকা হয়েছে; যা অন্যান্য উপজেলার তুলনায় ১০ থেকে ১৫ শতাংশ বেশি। তা ছাড়া বিভিন্ন স্কুল-কলেজের অবকাঠামো নির্মাণ হয়েছে। এখন বিষয় হচ্ছে জাতীয় পার্টিকে তো একদম বাকরুদ্ধ করে ফেলা হয়েছে। দোষ একটাই আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়া। তিনি বলেন, ‘আসন্ন নির্বাচনে অংশ নিয়ে জনগণের সাড়া পাচ্ছি। তবে ফলাফল কি হয় বলা মুশকিল।’

অন্যদিকে ২০০১ সালে বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন শাহ নূরুল কবির। এবারও দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে দল বদল করে ইসলামী আন্দোলনে যোগ দেন এবং হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে হাতপাখার ভোট চাচ্ছেন সাবেক এই এমপি। তবে দল পাল্টানোয় তিনি সাধারণ মানুষের কাছে কিছুটা আস্থা হারিয়েছেন বলেও মনে করছেন ভোটাররা।

শাহ নূরুল কবিরের ভাষ্য, গণসংযোগ করতে গিয়ে তাঁর সমর্থকদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে প্রতিপক্ষের কর্মী-সমর্থকরা। এর জবাব ১২ তারিখ সাধারণ মানুষ ভোটের মাধ্যমে দেবে। তিনি বলেন, ‘আমি এমপি থাকাকালীন এলাকায় অনেক উন্নয়ন করেছি। এজন্য ব্যক্তি হিসেবে ভোটের মাঠে ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

১১ দলীয় নির্বাচনী জোটে থাকা এলডিপির প্রার্থী আওরঙ্গজেব বেলাল বেশ সাড়া পাচ্ছেন বলে দাবি করেছেন তিনি। জোটের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটের মাঠে প্রচার চালাচ্ছেন এবং দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আলাপকালে সমকালকে তিনি বলেন, ‘ভোটারদের কাছে গিয়ে প্রচুর ইতিবাচক সাড়া পাচ্ছি। জোটের নেতাকর্মীরাও আমার জন্য কাজ করছেন। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা, চিকিৎসা, নাগরিক সমস্যা দূর করাসহ নানা সংকটে মানুষের পাশে থাকায় ভোটের মাঠে ব্যাপক সাড়া পাচ্ছেন বিএনপি প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ। তাঁর ভাষ্য, দীর্ঘসময় ধরে মানুষের পাশে থেকে সমস্যা সমাধানে কাজ করছেন। মূলত ওই জায়গা থেকেই তাঁর প্রতি মানুষের একটা আস্থা তৈরি হয়েছে। ভোটের মাঠেও তাদের এই আস্থা তাঁকে আরও দায়িত্বশীল করে তুলেছে। তিনি বলেন, ‘দায়িত্ব পেলে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বেকারদের কর্মসংস্থানে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।’

চৈতন্যের হাট আবৃরহাট আহমদ কবির সড়কের উদ্বোধন বিএনপি থাকলে দেশের উন্নয়ন হবে সমাবেশে বক্তারা

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ পিএম
চৈতন্যের হাট আবৃরহাট আহমদ কবির সড়কের উদ্বোধন বিএনপি থাকলে দেশের উন্নয়ন হবে সমাবেশে বক্তারা

‎বহু প্রতিক্ষিত সড়ক চৈতন্যের হাট আবুরহাট সড়কের উদ্বোধন হয়েছে। আজ ১৫ই সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম মিরসরাই উপজেলার ৮নং দূর্গাপুর ইউনিয়নের চৈতন্যের হাটে এই উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

‎ ৮ নং দূর্গাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো: জসিম উদ্দিন, এবং ৮ নং দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এবং বর্তমান উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আজিজুল হক মেম্বারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১ মিরসরাই আসনের মাননীয় এমপি ও সদস্য, ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির সদস্য জনাব, নুরুল আমিন এমপি মহোদয়।

‎এতে আরো উপস্থিত ছিলেন : উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওলিউল কবির ইকবাল, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুল হক চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সালাউদ্দিন চেয়ারম্যান,

‎বিএনপির যুগ্ন আহবায়ক জনাব আফছার চেয়ারম্যান, বিএনপির যুগ্ন আহবায়ক জনাব জমির উদ্দিন সহ জেলা উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎এ সময় সমাবেশে বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারী বিএনপিকে জয়যুক্ত করার পর দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, মানুষ এখন শান্তিতে ঘুমাইতে পারতেছে। মিরসরাইতে কোন সড়ক সংস্কার বিহীন থাকবে না, উপজেলার প্রত্যেকটি সড়ক সংস্কারের আওতায় আসবে।

‎এ সময় বক্তব্য এমপি বলেন, আমরা মিরসরাইকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। গত ৫ আগষ্টে ভারতে লুকিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ তারা বলেছে ডিসেম্বরে আসবে এই ডিসেম্বর না কোন ডিসেম্বরে আসতে পারবেনা। আসছে আগামী স্থানীয় নির্বাচনে দল যাকে প্রার্থী দিবে তাকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহবান জানান এমপি। সড়কের কাজে সকলকে আন্তরিকতা সহিত সহযোগীতা করার আহবান জানান, এমপি নুরুল আমিন এমপি মহোদয়।

‎এতে আরো বক্তব্য রাখেন ছাত্রদলের মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব, ফখরুল ইসলাম ভূইয়া, জেলা ছাত্রদলের সম্মানিত সদস্য মো: জিসান, ৮ নং দূর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া পরিচালনা কমিটি সভাপতি তানভীরুল আজিজ তাসিফ সাধারণ সম্পাদক, মো: জিসান সহ জেলা উপজেলার বিএনপি, ছাত্রদল এবং যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

‎সমাবেশের সভাপতিত্ব করেন, মিরসরাই উপজেলা আহবায়ক, আব্দুল আওয়াল।

ধামরাইয়ে বসতবাড়ি দখলের চেষ্টায় দুই ভাইসহ ৩ জন আহতের অভিযোগ

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৯ এএম
ধামরাইয়ে বসতবাড়ি দখলের চেষ্টায় দুই ভাইসহ ৩ জন আহতের অভিযোগ

ঢাকার ধামরাইয়ে বসতবাড়ি দখলের চেষ্টায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে জলিল, আরিফ, জমির আলী ও জিহাদসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আব্দুল গফুর, তার ভাই আব্দুর সফুর এবং গফুরের দুই ছেলে আওলাদ ও ওয়ারেছ আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাটাবই এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।

অভিযোগে বলা হয়, আব্দুল গফুর ও তার ভাই আব্দুর সফুর ক্রয়কৃত জমিতে বসতবাড়ি নির্মাণ করে প্রায় ৩০ বছর ধরে বসবাস ও ভোগদখল করে আসছেন। তবে সম্প্রতি ওই জমির মালিকানা দাবি করে জমির আলীসহ কয়েকজন বিভিন্ন সময় জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগ করেন তারা।

এরই ধারাবাহিকতায় গত ১২ সেপ্টেম্বর জমির আলী, আরিফ, জিহাদসহ কয়েকজন লোকজন নিয়ে ওই বসতবাড়িতে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় তারা করাত, চাপাতি, ছেন ও দা জাতীয় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে বসতবাড়ির আঙিনায় থাকা কয়েকটি ফলজ গাছ কেটে ফেলে ঘর নির্মাণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। কেটে ফেলা গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে দাবি করেছেন অভিযোগকারীরা।

এ সময় আব্দুল গফুর ও তার দুই ছেলে আওলাদ এবং ওয়ারেছ বাধা দিলে তাদের ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগে বলা হয়েছে। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসা গ্রহণ করেন তারা।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জমির আলী। এ বিষয়ে তার সঙ্গে কথা হলে তিনি দাবি করেন, ওই জমির মালিক তারা। আত্মীয়স্বজনদের সঙ্গে নিয়ে তারা জমিতে গিয়েছিলেন এবং সেখানে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি। পরে তারা সেখান থেকে চলে আসেন বলেও জানান তিনি।

ঘটনার বিষয়ে ধামরাই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিনুর ইসলাম বলেন, “বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের দাবি, জমির মালিকানা নিয়ে বিরোধ থাকলে তা আইনগতভাবে নিষ্পত্তি করা প্রয়োজন। বসতবাড়িতে হামলা, গাছপালা কাটা বা জোরপূর্বক দখলের চেষ্টা হলে এলাকায় উত্তেজনা আরও বাড়তে পারে। তাই বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নিউ দারুল ইহসানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুইজ, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৩ পিএম
নিউ দারুল ইহসানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুইজ, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে -এ দুই দিনব্যাপী আয়োজিত ইসলামি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ইসলামি জ্ঞানচর্চা, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নিউ দারুল ইহসান ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবু জাফর।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রাইম টিভি ৭২-এর উপদেষ্টা ও দৈনিক সকালের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মিজানুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল জলিল।
অনুষ্ঠানে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ইসলামি জ্ঞান অর্জন, নৈতিক চরিত্র গঠন এবং মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের আগ্রহ যেমন বাড়ে, তেমনি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতাও তৈরি হয়।
অনুষ্ঠানের শেষে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও ইসলামি জ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।