ইন্দুরকানীতে উঠান বৈঠকে উন্নয়ন ও ঐক্যের কথা বললেন জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় আসন্ন জাতীয় নির্বাচনে পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ সাঈদীর উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চাড়াখালি গুচ্ছগ্রাম আবাসন এলাকায় আয়োজিত এ উঠান বৈঠকে বিপুল সংখ্যক স্থানীয় ভোটার, সমর্থক ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী বলেন, “ইন্দুরকানীর মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়সঙ্গত উন্নয়ন থেকে বঞ্চিত। এই এলাকায় যেসব উন্নয়ন হয়েছে, তার একটি বড় অংশই আমার বাবা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হাত ধরে বাস্তবায়িত হয়েছে। দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা বন্ধ করে সততা ও আমানতের ভিত্তিতে একটি জনকল্যাণমুখী প্রশাসন গড়ে তুলতেই আমি নির্বাচনে অংশ নিয়েছি।”
তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ সমাজকে নৈতিক শিক্ষায় গড়ে তোলা তার প্রধান অগ্রাধিকার। “নির্বাচনে জয়ী হলে ফ্যাসিস্টদের বাদে সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ইন্দুরকানীর সার্বিক উন্নয়নে একযোগে কাজ করব। উন্নয়ন কোনো একক দলের নয়, এটি জনগণের অধিকার। সবাইকে সঙ্গে নিয়েই আমি জিয়ানগরকে এগিয়ে নিতে চাই।”
বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে ইন্দুরকানী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলী হোসেন বলেন, “জামায়াতে ইসলামী জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ ইনশাআল্লাহ সত্য ও ন্যায়ের পক্ষেই রায় দেবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক মাওলানা মেজবাহ উদ্দিন কবির, সাবেক ইউনিয়ন সভাপতি মাস্টার হারুনুর রশিদ, জামায়াত নেতা আব্দুল মান্নান সিকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুবনেতা খায়রুজ্জামান আতিক এবং সদ্য যোগদানকৃত ইউপি সদস্য মোহাম্মদ বাশার। বক্তারা বলেন, সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে।
উঠান বৈঠকে স্থানীয় জনগণ তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় বেড়িবাঁধের বেহাল অবস্থা, নদীভাঙন, রাস্তাঘাটের দুরবস্থা, বেকারত্ব এবং মৌলিক সেবার অভাবের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে। স্থানীয়রা জানান, জরাজীর্ণ বেড়িবাঁধের কারণে প্রতিবছর জোয়ারের পানিতে ফসলি জমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে মাসুদ সাঈদী টেকসই ও স্থায়ী সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্দুরকানী সদর ইউনিয়নের জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি আহাদুজ্জামান নাইম।
উঠান বৈঠক শেষে প্রার্থী মাসুদ সাঈদী উপস্থিত জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান।


















