সুনামগঞ্জের গোবিন্দগঞ্জে মতবিনিময় সভা: শিক্ষা ও সড়ক উন্নয়নে ৯১ কোটি টাকার বরাদ্দ ঘোষণা এমপি মিলনের
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ অঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান, পরিচালনা কমিটির সদস্য এবং বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ—৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
শনিবার গোবিন্দগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ—সৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ছাতক—দোয়ারাবাজারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তিনি সরাসরি জনগণের মতামতকে গুরুত্ব দিচ্ছেন। এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা, কৃষি ও স্বাস্থ্যখাতের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে এবং এ ক্ষেত্রে সকলের সহযোগিতা অপরিহার্য।
তিনি গোবিন্দগঞ্জ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা দেন। এর মধ্যে রয়েছে—গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাডেমিক ভবন নির্মাণ, শাহ সুফি মোজান্মিল আলী (রহ.) দাখিল মাদ্রাসা ও রাধানগর দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণ। এছাড়া গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ের উর্ধ্বমুখী ভবন সম্প্রসারণ, বাংলাবাজার সামারুন নেছা স্কুল অ্যান্ড কলেজ এবং সিবিপি উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ ও সংস্কারের কথাও জানান তিনি।
প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাসনাকান্দি, গোবিন্দগঞ্জ, শিবনগর, বেরাজপুর, শিমুলতলা, হাসনাবাদ, বরাটুকা ও আনন্দনগর-গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি কয়েকটি বিদ্যালয়ে উর্ধ্বমুখী সম্প্রসারণ, সীমানা প্রাচীর ও গেইট নির্মাণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে মেরামত ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরা হয়।
এছাড়া গোবিন্দগঞ্জ অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কসমূহ—খাইরগাঁও-বুড়াইরগাঁও, তাজপুর-রামপুর, বুড়াইরগাঁও-মোল্লাআতা ও গোবিন্দগঞ্জ-বসন্তপুর সড়ক পাকাকরণের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উন্নয়নে বরাদ্দ রাখা হয়েছে ৬৬ কোটি টাকা। সব মিলিয়ে মোট ৯১ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনার কথা জানান এমপি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, আব্দুর রহমান, নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এজে লিমন।
এ সময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, জাসাস ও ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

















