বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

বনানীতে ইয়াবা কারবার ও চাঁদাবাজিতে বেপরোয়া ‘অপু’, রাজনৈতিক ছত্রছায়ায় তটস্থ এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক ,ঢাকাঃ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১০:০২ পিএম
বনানীতে ইয়াবা কারবার ও চাঁদাবাজিতে বেপরোয়া ‘অপু’, রাজনৈতিক ছত্রছায়ায় তটস্থ এলাকাবাসী
রাজধানীর বনানী থানাধীন বেলতলা বস্তি এলাকায় মাদকের একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে ‘অপু’ নামের এক যুবক। ইয়াবা ব্যবসায় বেপরোয়া এই যুবকের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। নিজেকে রাজনৈতিক নেতা হিসেবে জাহির করা এই ব্যক্তি একদিকে পুলিশি সোর্সের পরিচয়, অন্যদিকে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠতা ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে ফেলেছে।
রাজনৈতিক ছত্রছায়া ও দাপট
অনুসন্ধানে জানা যায়, অপু নিজেকে বিএনপি নেতা হিসেবে জাহির করতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ঢাল হিসেবে ব্যবহার করে। বিএনপির বড় নেতাদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে আপলোড করার মাধ্যমে সে এলাকায় নিজের একটি ‘প্রভাবশালী’ ইমেজ তৈরি করেছে। অভিযোগ রয়েছে, এই রাজনৈতিক পরিচয় ব্যবহার করেই সে বনানী থানা বিএনপি অফিসের নাম ভাঙিয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ‘জ’ ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনিস রহমানের ঘনিষ্ঠ লোক হিসেবে সে এলাকায় পরিচিত। তবে স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, দলের ভাবমূর্তি নষ্ট করতে অপুর মতো ব্যক্তিরাই যথেষ্ট।
ইয়াবা কারবার ও সোর্স আতংক
বেলতলা বস্তি ও এর আশেপাশে ইয়াবা ব্যবসার প্রধান নিয়ন্ত্রক হিসেবে উঠে এসেছে অপুর নাম। মাদক ব্যবসার পাশাপাশি সে পুলিশের সোর্স হিসেবেও কাজ করে বলে এলাকায় প্রচার রয়েছে। এই পরিচয়ের আড়ালে সে নিরীহ মানুষকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে নিয়মিত মোটা অংকের চাঁদা আদায় করে। রাত-বিরাতে তাকে পুলিশের গাড়ির সাথে বা পুলিশ সদস্যদের সাথে ঘুরতে দেখা যায়, যা সাধারণ মানুষের মনে আতংক আরও বাড়িয়ে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বেলতলা বস্তির এক বাসিন্দা জানান, “অপুর ভয়ে আমরা কেউ মুখ খুলতে পারি না। সে প্রকাশ্যে ইয়াবা বিক্রি করে। কেউ প্রতিবাদ করলে তাকে পুলিশের ভয় দেখায়। বলে যে পকেটে ইয়াবা দিয়ে ধরিয়ে দেবে। আমরা শান্তি চাই, এই মাদক আর চাঁদাবাজি থেকে মুক্তি চাই।”
‘জ’ ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনিস রহমান বলেন, “দলের নাম ব্যবহার করে কেউ যদি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়, তার দায় দল নেবে না। অপু আমার পরিচিত হতে পারে, কিন্তু সে কোনো মাদক ব্যবসা বা চাঁদাবাজিতে জড়িত থাকলে আইন প্রয়োগকারী সংস্থা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা কোনো অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেই না।”
নাম প্রকাশে অনিচ্ছুক বনানী থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কেউ যদি পুলিশের নাম ভাঙিয়ে বা সোর্স পরিচয় দিয়ে চাঁদাবাজি বা মাদক ব্যবসা করে, তবে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমরা বিষয়টির সত্যতা যাচাই করে দ্রুত আইনি ব্যবস্থা নেব।”
অরাজকতায় অতিষ্ঠ জনজীবন
বেলতলা বস্তি ও সংলগ্ন এলাকার মানুষের একটাই দাবি—অপুর মতো ভয়ংকর মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজকে দ্রুত আইনের আওতায় আনা হোক। রাজনৈতিক পরিচয় বা পুলিশি সোর্সের তকমা যেন কারোর অপরাধের সুরক্ষাকবচ না হয়, সেজন্য উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।
তদন্ত চিত্র: অনুসন্ধানকালে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, অপুর আয়ের প্রধান উৎসই হলো ইয়াবা এবং বস্তি কেন্দ্রিক বিভিন্ন অবৈধ স্থাপনা থেকে তোলা চাঁদা। তার এই উত্থানের পেছনে নেপথ্যে থাকা গডফাদারদের চিহ্নিত করা এখন সময়ের দাবি।

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে নারীর মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে ২।

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:০৪ এএম
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে নারীর মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে ২।

তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি | সকালের বার্তা।

কুষ্টিয়ার কুমারখালীতে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার অভিযোগে নাসিমা খাতুন (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নাসিমা খাতুন ওই এলাকার শহিদুলের স্ত্রী।

নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি নিয়ে স্থানীয় প্রতিপক্ষের সঙ্গে তাঁদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময় হুমকি-ধমকিও দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে মসজিদপাড়া এলাকার জনে শেখের ছেলে মোমিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল তাঁদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

নিহতের মা আলেয়া খাতুনের অভিযোগ, হামলার সময় নাসিমা খাতুন বাধা দিতে এগিয়ে গেলে অভিযুক্ত আকরাম তাঁকে ধাক্কা দেন। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে তাঁর পুত্রবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহতের স্বজনেরা।

কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, নারীর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে,ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

পরীক্ষাকেন্দ্র থেকে বহিষ্কারের জেরে বিস্ফোরণের অভিযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিন।

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:০৪ এএম
পরীক্ষাকেন্দ্র থেকে বহিষ্কারের জেরে বিস্ফোরণের অভিযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিন।

তানভীর আজাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়ার দৌলতপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিস্ফোরণের ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এসএসসি নির্বাচনী পরীক্ষা চলাকালে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয় লক্ষ্য করে দুটি বোমা জাতীয় বস্তু নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সূত্রপাত পরীক্ষার হল থেকে। পুলিশ ও শিক্ষার্থী সূত্রের বরাতে জানা যায়, নির্বাচনী পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ পাঁচ শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন জব্দ করেন। এ সময় পরীক্ষার নিয়ম ভঙ্গের অভিযোগে তানজিন রহমান রিদু নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এরপর ওই শিক্ষার্থী কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে ফিরে প্রধান শিক্ষকের কার্যালয় লক্ষ্য করে দুটি বোমা জাতীয় বস্তু নিক্ষেপ করে বলে অভিযোগ উঠেছে। বিস্ফোরণের বিকট শব্দে বিদ্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে মোটরসাইকেলটির মালিক হিসেবে কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ফিলিপনগর ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী খাজা আহমেদের নাম উঠে এসেছে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি।

অভিযোগের বিষয়ে খাজা আহমেদের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রশ্ন শুনে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার ফোন বন্ধ পাওয়া যায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, পরীক্ষার হলে নিয়ম ভঙ্গের কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ এক শিক্ষার্থীকে বহিষ্কার করে। এরপর বিদ্যালয়ের পাশে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তদন্তে মোটরসাইকেলটির মালিক হিসেবে জামায়াত নেতা খাজা আহমেদের নাম পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ বলেন, ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে এমন বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পেছনের কারণ উদ্‌ঘাটন, জড়িতদের শনাক্ত এবং বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে।

মিরপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষে বন্ধ মেট্রো-স্টেশন

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:০৪ এএম
মিরপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষে বন্ধ মেট্রো-স্টেশন

মো: অমিত হাসান ঢাকা, ঢাকা মহানগর প্রতিনিধি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ নম্বর এলাকায় সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকেরা। মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার বিষয়টি এমআরটি পুলিশের কন্ট্রোল রুম থেকে নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, সকাল থেকেই মিরপুর-১১ নম্বর সেকশনে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সহিংস রূপ নেওয়ায় মেট্রোরেলের যাত্রী ও স্টেশনের সার্বিক নিরাপত্তার স্বার্থে স্টেশনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে মিরপুর-১১ নম্বর স্টেশনে কোনো ট্রেন থামছে না এবং যাত্রী ওঠানামাও করানো হচ্ছে না। তবে মেট্রোরেলের অন্য স্টেশনগুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে মিরপুর-১১ নম্বর স্টেশনটি পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে এমআরটি পুলিশ কন্ট্রোল রুম।