ইটভাটায় মাটি সরবরাহে তৎপর চক্র: নাচোলে ৪ জনকে ২ লাখ টাকা জরিমানা
ছবি- সকালের বার্তা
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কৃষিজমির উর্বর মাটি কেটে অবৈধভাবে ইটভাটায় সরবরাহের সময় চারজনকে আটক করে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাটি পরিবহনে ব্যবহৃত চারটি যানবাহন জব্দ করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার নাচোল সদর ইউনিয়নের খেসবা লাইপাড়া এলাকায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, “সাথী ভাটা”র জন্য একটি চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে ট্রাকে করে বহন করে আসছিল, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩-এর ৭(ক) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে মোছাঃ সুলতানা রাজিয়া বলেন, “কৃষিজমির উর্বর মাটি অপসারণ শুধু পরিবেশের জন্য নয়, খাদ্য নিরাপত্তার জন্যও হুমকি। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। ”স্থানীয়রা জানান, অবাধে কৃষিজমির মাটি কাটার ফলে ফসলি জমির উৎপাদনক্ষমতা হ্রাস পাচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।

















