ভোলার ইলিশা ঘাটে ১২ কেজি গাঁজাসহ দুই সন্তানের জননী আটক
ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ সুমি আক্তার (২১) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক সুমি আক্তার ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মোঃ সবুজ মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, সুমি আক্তার চট্টগ্রামের ফটিকছড়ি থেকে একটি ট্রাভেল ব্যাগে করে বিশাল এই গাঁজার চালান নিয়ে আসছিলেন। তিনি লক্ষ্মীপুর হয়ে লঞ্চযোগে ভোলার ইলিশা ঘাটে পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের চৌকস টিম ঘাটে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেন। এসময় সুমির সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বশির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
“আটক সুমি আক্তারের সাথে তার দুই শিশু সন্তানও ছিল। মূলত শিশুদের সাথে রেখে সাধারণ মানুষের নজর এড়াতে এবং নিজেকে আড়াল করতেই তিনি এই কৌশল অবলম্বন করেছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
মাদকবিরোধী এই অভিযানে পুলিশের এমন তৎপরতা সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। মাদকের শেকড় উপড়ে ফেলতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
















