পটুয়াখালী-৩ আসনে ভি পি নুরুল হক নূরের (ট্রাক) প্রতীক নিয়ে ঐতিহাসিক বিজয়
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬।
গতকাল ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সংসদীয় আসন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) তে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় ভোটগ্রহণ।
নির্বাচন ঘিরে কয়েক মাস ধরেই এলাকায় ছিল টানটান উত্তেজনা, রাজনৈতিক উত্তাপ, নানা গুঞ্জন এবং জল্পনা। কিন্তু ভোটের দিন সকাল থেকে রাত পর্যন্ত ভোটকেন্দ্রগুলোতে ছিল দৃশ্যত শান্তিপূর্ণ পরিবেশ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পটুয়াখালী-৩ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লক্ষ ৫২ হাজার ৬৭৯ জন। এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় মোট ৮০টি কেন্দ্রে। মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লক্ষ ৬২ হাজার ৫০৬। এ আসনে ভোট কাস্টিং হয়েছে ৬৪.৩১ শতাংশ, যা সাম্প্রতিক সময়ের তুলনায় বেশ উল্লেখযোগ্য ।
ভোটের সারি, নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তরুণদের আগ্রহ নির্বাচনী মাঠকে পরিণত করেছিল এক ধরনের গণতান্ত্রিক উৎসবে।
ট্রাক প্রতীকের নিরঙ্কুশ জয়: নুরুল হক নূরের বিজয়ঘণ্টা বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে পটুয়াখালী-৩ আসনে ট্রাক প্রতীকে বিজয়ী হয়েছেন গণঅধিকার পরিষদের (জিওপি) চেয়ারম্যান, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।
এ বিজয়কে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন দক্ষিণাঞ্চলের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে। ভোটারদের বড় একটি অংশ যে এবার পুরনো হিসাব বদলে নতুন নেতৃত্বকে সুযোগ দিতে চেয়েছে—এই ফলাফল তারই প্রতিফলন।
ভোট গণনা শেষে নুরুল হক নূরের সমর্থকদের মধ্যে দেখা যায় আনন্দের ঢেউ। বিভিন্ন এলাকায় মিছিল, স্লোগান, মিষ্টি বিতরণ এবং উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে জনপদ।
















