টাঙ্গাইলে অবৈধ ইটভাটা বন্ধে মালিকদের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
বায়ু ও পরিবেশ দূষণ প্রতিরোধে অবৈধ ও নিয়মবহির্ভূত ইটভাটা বন্ধ এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইলে ইটভাটা মালিকদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ জহিরুল ইসলাম তালুকদার। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং জেলার বিভিন্ন ইটভাটার মালিকরা উপস্থিত ছিলেন।
সভায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)-এর বিভিন্ন প্রাসঙ্গিক ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ইটভাটা পরিচালনার ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা, পরিবেশের ওপর ইটভাটার ক্ষতিকর প্রভাব, অবৈধ ও নিয়মবহির্ভূত ইটভাটার বিরুদ্ধে সরকারি পদক্ষেপ এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এছাড়া প্রচলিত পোড়ানো ইটের বিকল্প হিসেবে ব্লক ইটের ব্যবহার ও এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও সভায় আলোচনা করা হয়। ইটভাটা সংক্রান্ত সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও নির্দেশনা মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় উপপরিচালক মোঃ জহিরুল ইসলাম তালুকদার পরিবেশ সুরক্ষা, বায়ু দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে ইটভাটা মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে আইন ও সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের আহ্বান জানান। তিনি পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইট উৎপাদন এবং পরিবেশ দূষণ কমাতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
সভা শেষে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণে ইটভাটা মালিকসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করা হয়।










