সাংবাদিক দেবাশীষের পরিবারের দুঃসময়ে পাশে দাঁড়াল জেলা পরিষদ।
কলকাতার ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবারের পাশে দাঁড়িয়েছে কুষ্টিয়া জেলা পরিষদ। শোকাহত পরিবারটির জন্য আর্থিক সহায়তা হিসেবে ৩০ হাজার টাকা করে দুটি চেক, মোট ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ৩টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন সাংবাদিক দেবাশীষ দত্তের আড়ুয়াপাড়ার বাসভবনে যান। সেখানে তিনি নিহত সাংবাদিকের পরিবারের সদস্যদের হাতে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।
এরপর তিনি কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় দেবাশীষ দত্তের শ্বশুরবাড়িতে যান। সেখানে পরিবারের সদস্যদের হাতে আরও ৩০ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয়।
এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকীসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তরের পাশাপাশি প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের মেয়ে মহিমা দত্তের খোঁজখবর নেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং মহিমার ভবিষ্যৎ জীবনসহ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
জেলা পরিষদের প্রশাসক বলেন, দেবাশীষ দত্তের পরিবার যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তা অত্যন্ত বেদনাদায়ক। এই দুঃসময়ে জেলা পরিষদ তাদের পাশে থাকবে এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করবে।
ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজন নিহত
উল্লেখ্য, গত ১৯ আগস্ট ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা, সন্তান স্বর্ণাশীষ এবং আফসানার বাবা আকরাম আলী নিহত হন।
দেবাশীষ দত্ত স্থানীয় দৈনিক আজকের আলো-এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি আজকের খবর ও চ্যানেল নাইনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মর্মান্তিক ওই ঘটনায় দেবাশীষ দত্তসহ একই পরিবারের চার সদস্যের মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিক সমাজ, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়।















