সৌজন্য সাক্ষাতের ছবি, রাজনৈতিক বিরোধ নিষ্পত্তির খবর ভিত্তিহীন
কুষ্টিয়ায় স্থানীয় বিএনপি ও গণ অধিকার পরিষদের একাংশের নেতাদের সঙ্গে সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার একটি ছবি ঘিরে ‘রাজনৈতিক বিরোধের নিষ্পত্তি’ হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে আলোচনা ছড়িয়ে পড়েছে, তা ভিত্তিহীন বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র।
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ছবিতে স্থানীয় বিএনপি ও গণ অধিকার পরিষদের কয়েকজন নেতাকে এমপি আমির হামজার সঙ্গে দেখা যায়। ছবিটি কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টে দাবি করা হয়, বিএনপি, গণ অধিকার পরিষদ ও জামায়াতের মধ্যে চলমান রাজনৈতিক বিরোধ, পাল্টাপাল্টি মামলা ও উত্তেজনার অবসান ঘটেছে।
তবে সংশ্লিষ্ট সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, ছবিটি কোনো রাজনৈতিক সমঝোতা বা বিরোধ নিষ্পত্তির বৈঠকের নয়। কয়েক দিন আগে স্থানীয় বিএনপি ও গণ অধিকার পরিষদের একটি প্রতিনিধি দল জনপ্রতিনিধি হিসেবে এমপি আমির হামজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যায়। সাক্ষাতের সময়ই তাদের সঙ্গে ছবি তোলা হয়।
সূত্র জানায়, সাক্ষাতের একপর্যায়ে প্রতিনিধি দলের পক্ষ থেকে চলমান বিরোধ ও পাল্টাপাল্টি মামলার বিষয়টি মীমাংসার প্রস্তাব দেওয়া হয়। জবাবে এমপি আমির হামজা জানান, বিষয়টি তার ব্যক্তিগত বা একক কোনো ইস্যু নয়। এটি রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় হওয়ায় তিনি এককভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখেন না।
এ সময় তিনি আরও জানান, বিরোধের বিষয়টি কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নেতৃত্বের নজরে রয়েছে। এ ধরনের কোনো বিষয়ে সমঝোতা বা আপসের আলোচনা করতে হলে জেলা জামায়াতের নেতৃবৃন্দের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করতে হবে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, বিষয়টি দলীয় নীতি ও সাংগঠনিক সিদ্ধান্তের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় প্রয়োজন হলে কেন্দ্রীয় নেতৃত্বকেও অবহিত করতে হবে। কেন্দ্রীয় নির্দেশনা ও সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, শুধু একটি সৌজন্য সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে রাজনৈতিক বিরোধের সমাধান হয়েছে বলে প্রচার করায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তাদের দাবি, ওই ছবি কোনো সমঝোতা বা বিরোধ নিষ্পত্তির প্রমাণ নয়। বিএনপি, গণ অধিকার পরিষদ ও জামায়াতের মধ্যে চলমান রাজনৈতিক বিরোধ মীমাংসা হয়েছে বলে যে প্রচার চালানো হচ্ছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই।










