একই সঙ্গে পৃথিবীতে, একই কবরে শেষ ঠিকানা জয়নব-উম্মে কুলসুমের
কুষ্টিয়ার দৌলতপুরে শরীর জোড়া লাগা যমজ শিশু জয়নব ও উম্মে কুলসুমের বাঁচার লড়াই থেমে গেছে। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টার পরও শেষ রক্ষা হয়নি। মাত্র তিন মাস বয়সেই না-ফেরার দেশে পাড়ি জমিয়েছে দুই বোন। বৃহস্পতিবার সকালে তাদের পাশাপাশি একই কবরে দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের স্থানীয় কবরস্থানে জানাজা শেষে দুই শিশুকে একই কবরে দাফন করা হয়। এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসেন স্বজনেরা।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে জয়নব ও উম্মে কুলসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর তাদের অবস্থার আরও অবনতি হতে থাকে। একপর্যায়ে দুই শিশুর শরীর নীল হয়ে যায়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় বুধবার তাদের আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও ওইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারা।
শিশু দুটির বাবা নাহিদ হাসান বলেন, হাসপাতালের মেডিকেল বোর্ড তাদের আগের চিকিৎসার কাগজপত্র পর্যালোচনা করে জানিয়েছিল, দুই শিশুর হৃদপিণ্ডে প্রয়োজনীয় সংখ্যক ধমনী ছিল না। এ কারণে জয়নব কিছুটা স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারলেও উম্মে কুলসুমের শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় সুস্থ না হওয়া পর্যন্ত অস্ত্রোপচারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।
নাহিদ হাসান আরও বলেন, শিশু দুটির চিকিৎসার বিষয়টি গণমাধ্যমে তুলে ধরায় গণমাধ্যমকর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞ। পাশাপাশি সরকারের পক্ষ থেকে চিকিৎসার দায়িত্ব নেওয়া ও সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্যও কৃতজ্ঞতা জানান তিনি।
দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মধ্যপাড়া গ্রামের নাহিদ হাসান (২৬) ও সানজিদা ইয়াছমিন মুক্তা (২২) দম্পতির ঘরে গত ৪ মে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) জন্ম নেয় জয়নব ও উম্মে কুলসুম। জন্মের পর থেকেই তাদের বুক থেকে পেট পর্যন্ত অংশ পরস্পরের সঙ্গে যুক্ত ছিল।
জন্মের পর শিশু দুটির বিরল শারীরিক অবস্থার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি সরকারের নজরে আসে। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের চিকিৎসার দায়িত্ব নেয়। সরকারের ব্যবস্থাপনায় গত সোমবার তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় মৃত্যু হয় দুই বোনের।
তিন মাসের ছোট্ট জীবনে বেঁচে থাকার জন্য লড়াই করেছে জয়নব ও উম্মে কুলসুম। শেষ পর্যন্ত চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ হলেও জন্মের মতো মৃত্যুতেও আলাদা হয়নি তারা। পৃথিবীতে এসেছিল একসঙ্গে, শেষ বিদায়ও হলো পাশাপাশি, একই কবরে।










