বকশীগঞ্জে তিন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ ২৩ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার তিনটি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১ লাখ ২৩ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর, বাট্টাজোড় ইউনিয়নের কুড়িরবিল এবং দত্তেরচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ২৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল এবং ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২৩ হাজার টাকা।
অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে রাতে উপজেলা পরিষদ চত্বরে জব্দ করা নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ, প্রাকৃতিক জলাশয়ে মাছের অবাধ বিচরণ নিশ্চিত করা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।










