গুজবে দৌলতপুরের ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়, জ্বালানি সংকট নেই বলছে প্রশাসন
ছবিঃ সকালের বার্তা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জ্বালানি তেলের সম্ভাব্য সংকট ও মূল্য বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে প্রশাসন ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং সংকটের কোনো আশঙ্কা নেই।
রোববার (১৯ জুলাই) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও মুখে মুখে জ্বালানি তেলের সংকট এবং মূল্য বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ে। এর পরপরই অনেক চালক ভবিষ্যতের আশঙ্কায় ট্যাংক ভর্তি করার পাশাপাশি অতিরিক্ত জ্বালানি সংগ্রহের উদ্দেশ্যে বিভিন্ন ফিলিং স্টেশনে ছুটে যান। এতে বেশ কয়েকটি স্টেশনে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয় এবং সাময়িকভাবে ভোগান্তির সৃষ্টি হয়।
উপজেলার তারাগুনিয়ার সাগর ফিলিং স্টেশন, আল্লাহর দরগা বাজারের রফিক ফিলিং স্টেশন, খলিশাকুন্ডি বাজারের খালেক ফিলিং স্টেশনসহ দৌলতপুর বাজারের বিভিন্ন জ্বালানি বিক্রয়কেন্দ্রে অতিরিক্ত চাপ লক্ষ্য করা যায়। অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন।
ফিলিং স্টেশন মালিক ও সংশ্লিষ্টরা জানান, নিয়মিতভাবেই ডিপু থেকে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। কোথাও কোনো ঘাটতি নেই। গুজবের কারণে হঠাৎ করে অতিরিক্ত ক্রেতার চাপ সৃষ্টি হওয়ায় এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে।
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস বলেন, “জ্বালানি তেলের কোনো সংকট নেই। ফিলিং স্টেশনগুলোতে নিয়মিত সরবরাহ চলছে। প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং গুজব ছড়ানোর উৎস খতিয়ে দেখা হচ্ছে।”তিনি আরও জানান, জনস্বার্থে গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনগুলোতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে।
এদিকে উপজেলা প্রশাসন সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে, কোনো তথ্য যাচাই ছাড়া গুজবে কান না দিতে এবং অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি মজুত না করতে। প্রশাসনের মতে, ভিত্তিহীন আতঙ্কই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি করে এবং এতে সাধারণ মানুষ ও সেবাদানকারী প্রতিষ্ঠান উভয়ই অযথা চাপে পড়ে।










