ফেনী বিজিবির তত্ত্বাবধানে বিএসএফের কাছ থেকে ফেরত এলো বুদ্ধি প্রতিবন্ধী যুবক
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হওয়া ফেনীর পরশুরামের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এনেছে বিজিবি। তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার হওয়া যুবকের নাম মোঃ মোস্তাফিজুর রহমান রুবেল (২২)। তিনি পরশুরাম থানাধীন রাঙ্গামাটিয়া গ্রামের মোঃ ইউসুফ মিয়ার ছেলে। তার পোস্ট অফিস সুবারবাজার।
গত ৩০ জুন ২০২৬ রাত আনুমানিক ১টার দিকে রুবেল নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। মানসিক বিভ্রান্তির কারণে তিনি অজান্তেই সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের মন্ডুবস্তি ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে আটক করে
বিষয়টি জানতে পেরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) তাৎক্ষনিকভাবে বিএসএফের সাথে যোগাযোগ করে। অদ্য ০১ জুলাই ২০২৬ বিকাল ৫টা ৪৫ মিনিটে মজুমদারহাট বিওপির কোম্পানী কমান্ডার ও প্রতিপক্ষ ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের বিলোনিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মাধ্যমে রুবেলকে বিজিবির নিকট হস্তান্তর করা হয়। পরে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশইন প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।
মানসিক ভারসাম্যহীন ছেলেকে ফেরত পেয়ে পরিবারের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী বিজিবির দ্রুত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন।










