৬৪ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করলো সান্তাহার পৌরসভা
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৪ কোটি ৯ লাখ ৫০ হাজার ৫৪১ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলার সান্তাহার পৌরসভার সভাকক্ষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম এ বাজেট ঘোষণা করেন।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যায় ধরা হয়েছে ৫৮ কোটি ৮০ লাখ ৮৩ হাজার ১৫৯ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে আয় ৫ কোটি ৯৮ লাখ ৯৪ হাজার ৪১৭ টাকা এবং উন্নয়ন খাতে প্রাপ্তি দেখানো হয়েছে ৫২ কোটি ৮১ লাখ ৮৮ হাজার ৭৪২ টাকা। বাজেটে রাজস্ব ঘাটতি রয়েছে ১ কোটি ৬৪ লাখ ৮১ হাজার ১৭ টাকা।
বাজেট অধিবেশনে যানজট, রাস্তাঘাট সংস্কার,পানি নিষ্কাশনের ব্যবস্থা, ড্রেন নির্মাণ, সড়কের পাশে অবৈধ দোকান, পৌর শহরের সড়ক বাতি ও প্ল্যান ছাড়াই বাড়ী-ঘর নির্মাণ নিয়ে আলোচনা হয়।
এ সময় পৌর প্রশাসক মাসুমা বেগম বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে পৌরবাসীর প্রত্যাশা অনুযায়ী উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। বাজেট বাস্তবায়নে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য দেন- সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডল, পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ একেএম আসাদুল হক বেলাল, সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রাকেশ কুমার সাহা, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা সুলতান মাহমুদ প্রমূখ।
উন্মুক্ত এই বাজেট অধিবেশনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।












