গুরুদাসপুরে চাহিদা মেটাতে বিদ্যুৎ বরাদ্দ বৃদ্ধির দাবিতে জ্বালানি মন্ত্রণালয়ে এমপি আব্দুল আজিজের ডিও
নাটোর গুরুদাসপুরে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ এবং দীর্ঘদিনের লোডশেডিং সমস্যা নিরসনে বিদ্যুৎ বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ডেমি-অফিশিয়াল (ডিও) পত্র দিয়েছেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ।
ডিও পত্রে তিনি উল্লেখ করেন, নাটোর-৪ আসনের বিভিন্ন এলাকায় দিন দিন বিদ্যুতের চাহিদা বাড়লেও সেই তুলনায় সরবরাহ পর্যাপ্ত নয়। ফলে গ্রাহকদের নিয়মিত লোডশেডিং ও বিদ্যুৎ সংকটের মুখোমুখি হতে হচ্ছে। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম এবং কৃষি উৎপাদনও ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় জনদুর্ভোগ কমাতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বিদ্যুৎ বরাদ্দ বৃদ্ধিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন সংসদ সদস্য আব্দুল আজিজ।
এদিকে স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, ডিও পত্রের পরিপ্রেক্ষিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে এলাকার বিদ্যুৎ সংকট অনেকটাই দূর হবে এবং জনজীবনে স্বস্তি ফিরে আসবে।










