হাবাসপুর কাশিমবাজার রাজ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও র্যালি অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর কাশিমবাজার রাজ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন, ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে হাবাসপুর কাশিমবাজার রাজ উচ্চ বিদ্যালয় এবং বাস্তবায়নে সহযোগিতা করে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (LASE) প্রোজেক্ট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে তিনটি বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। এর মধ্যে রয়েছে একটি আমগাছ, একটি আমলকি গাছ এবং একটি সেগুন গাছ। এসব গাছ রোপণের মধ্য দিয়ে বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীদের নিয়ে একটি সচেতনতামূলক র্যালিও অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাণীকুলের জন্য পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা এবং স্বাভাবিক বৃষ্টিপাত বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে আরও দায়িত্বশীল করে তুলবে।










