নাচোলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধুমাত্র প্রশাসনের একার দায়িত্ব নয়; বরং জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান, সুশীল সমাজ এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি সমাজের সকল স্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল দেবনাথ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী, পৌর জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আব্দুর রহিম, এলজিইডির প্রকৌশলী সাদিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, কাজী, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা। সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা, অপহরণ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, ডাকাতি ও চোরাচালান রোধ, ছিনতাই নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, যানজট নিরসন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সরকারি জমি সংরক্ষণ, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।








