পত্নীতলায় কৃষকদের মুখে হাসি
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 47;
নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) নিজস্ব অর্থায়নে একটি জনকল্যাণমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার ঘোষনগর ইউনিয়নের নোধূনী বাজার থেকে খিরসীন কমিউনিটি ক্লিনিক পর্যন্ত ভরাট হয়ে যাওয়া একটি খাল পুনর্খননের কাজ শুরু হয়েছে। গত তিন দিন ধরে এই খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই উদ্যোগের ফলে এলাকার প্রায় ২০০ কৃষকের ১ হাজার বিঘা জমিতে নিরবচ্ছিন্ন চাষাবাদের সুযোগ সৃষ্টি হবে। ইউনিয়ন পরিষদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী ও কৃষকেরা।
স্থানীয় কৃষকেরা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষাকালে যেমন জলাবদ্ধতা তৈরি হতো, তেমনি শুকনো মৌসুমে তারা সেচের পানির তীব্র সংকটে ভুগতেন। ১ হাজার বিঘা জমির আবাদ নিয়ে তাদের সবসময় দুশ্চিন্তায় থাকতে হতো। এবার খালটি খনন করার ফলে তাদের সেই দীর্ঘদিনের কষ্ট দূর হতে চলেছে। এখন থেকে তারা অনায়াসে জমিতে চাষাবাদ করতে পারবেন।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য কামরুজ্জামান মিল্টন বলেন, ‘এলাকার কৃষকদের জন্য এই খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নোধূনী বাজার থেকে খিরসীন কমিউনিটি ক্লিনিক পর্যন্ত এই খালটি ভরাট হয়ে যাওয়ায় শত শত কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কৃষকদের এই কষ্ট লাঘবের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি, খনন কাজ শেষ হলে এলাকার কৃষি অর্থনীতিতে বড় ইতিবাচক পরিবর্তন আসবে।’
ঘোষনগর ইউনিয়ন পরিষদের প্রশাসক এবং উপজেলা বিআরডিবি (পল্লী উন্নয়ন) কর্মকর্তা প্রল্লাদ কুন্ডু বলেন, ‘সম্পূর্ণ ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে আমরা এই জনকল্যাণমুখী উদ্যোগটি গ্রহণ করেছি। কৃষিবান্ধব এই কর্মসূচিটি গত তিন দিন ধরে মাঠপর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে। এর মূল লক্ষ্যই হলো স্থানীয় কৃষকদের পাশে দাঁড়ানো।’
তিনি আরও বলেন, ‘এই খাল খননের ফলে প্রায় ২০০ কৃষকের ১ হাজার বিঘা জমি সরাসরি চাষাবাদের আওতায় আসবে এবং তারা সরাসরি উপকৃত হবেন। জনগণের কল্যাণে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ ধরনের উন্নয়নমূলক কাজ আগামীতেও অব্যাহত থাকবে।’












