নাসিরনগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত
নাসিরনগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ পুষ্টি, উদ্যোক্তা ও স্থিতিস্থাপকতার জন্য কৃষি ও গ্রামীণ রূপান্তর কর্মসূচি (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার কর্মসূচির আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, কৃষক মারজান মিয়া এবং কৃষাণী গোলবাহার বেগম।
কংগ্রেসে উপজেলার পিএফএস ও নন-পিএফএসভুক্ত ৭০ জন কৃষক-কৃষাণীসহ সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ মোট ১০০ জন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে পার্টনার কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তারা কৃষকের উৎপাদন বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।












