বেসরকারি কলেজের অধ্যক্ষগণের সাথে মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম জেলার বেসরকারি কলেজ ও সিটি করপোরেশন কলেজসমূহের অধ্যক্ষদের সাথে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), চট্টগ্রামের উদ্যোগে পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় কলেজ ও শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক আবদুস সালাম, সহকারী পরিচালক মো. সোহরাব হোসাইন, বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সমীর কান্তি দাশ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আবু বকর সিদ্দিকী, জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ মু. আবু তৈয়ব, অধ্যক্ষ মিজবাহ উর রহমান, অধ্যক্ষ সরোয়ার সালেক শিকদার, অধ্যক্ষ কল্যাণ নাথ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হোসেন শহীদ অহিদুল আলম, খলিলুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেন, ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হামিদ উল্লাহ, আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কুমার দে, কক্সবাজার ঈদগাঁও কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল হক, কুলগাঁও সিটি করপোরেশন কলেজের অধ্যক্ষ মো. আমিনুল হক, আয়ুব বিবি সিটি করপোরেশন কলেজের অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান, বাঁশখালী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফারুক, বাঁশখালী উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, বিজয় স্মরণী কলেজের অধ্যক্ষ শিব শংকর শীল, আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আমির হোসেন, প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল হায়দার, সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিলু মনি শর্মা, কধুরখীল জলিল আম্বিয়া কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সিরাজুল ইসলাম, দক্ষিণ রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অসিত কুমার বড়ুয়া, আকবরিয়া কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) যমুনা পারভীন এবং বাকশিসের সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রাশেদ প্রমুখ।
সভায় প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী বলেন, “চট্টগ্রাম বিভাগের বেসরকারি কলেজসমূহের পাশে আমি এবং আমার টিম সবসময় আছি, ভবিষ্যতেও থাকব। তবে আপনারা প্রতিষ্ঠান প্রধান হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে প্রতিষ্ঠান পরিচালনা করে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে ভূমিকা রাখবেন, এটাই প্রত্যাশা। অচিরেই চট্টগ্রাম বিভাগের আওতাধীন সকল কলেজের অধ্যক্ষদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের এমপিও, পদোন্নতি, বদলি, ইনডেক্স ডিলিট ও সংশোধন বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করা হবে। এতে শিক্ষক সংগঠন বাকশিস ও প্রতিষ্ঠান প্রধানদের সহযোগিতা প্রয়োজন।”
সভায় শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা ও পরিপত্র অনুযায়ী বিভিন্ন তথ্য সহজে, নির্ভুলভাবে ও যথাসময়ে প্রদানের উপায় ও কৌশল বিষয়ে মতবিনিময় সভা আয়োজনের অনুরোধ জানান বাকশিসের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন। তিনি বলেন, এসব বিষয়ে অসাবধানতা বা অনিচ্ছাকৃত কোনো ভুল বা অসঙ্গতি দেখা দিলে সংশ্লিষ্ট কলেজের সঙ্গে আলোচনা করে তা সমাধানের সুযোগ রাখা উচিত। এ বিষয়ে পরিচালক সম্মতি প্রকাশ করেন।
এ ধরনের মতবিনিময়ের জন্য মাউশি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সমীর কান্তি দাশ।
সভা শেষে কাটিরহাট মহিলা কলেজের অধ্যক্ষ কল্যাণ নাথের আগামী ২৮ জুন শেষ কর্মদিবস উপলক্ষে তাৎক্ষণিক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় বক্তারা তাঁর অবসর জীবন সুখময় ও আনন্দময় হোক—এই কামনা করেন।












