সংগ্রাম, সততা ও স্বপ্নের গল্প: শিল্পাঞ্চলের নীরব নায়ক সিদ্দিকুর রহমান
ছবি: সংগৃহীত
দেশের শিল্পখাতের অগ্রযাত্রার পেছনে যাদের নিরলস পরিশ্রম ও সততা নীরবে কাজ করে যাচ্ছে, তাদেরই একজন মোঃ সিদ্দিকুর রহমান। পেশায় তিনি একজন প্রিন্ট সেকশনের ম্যানেজার, কর্মরত আছেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত ইমপ্রেস -নিউটেক্স কম্পোজিট টেক্সটাইলস্ লিমিটেডে।
জামালপুর সদর উপজেলার সন্তান সিদ্দিকুর রহমান জীবিকার তাগিদে ছেড়ে এসেছেন নিজের শিকড়। বর্তমানে কর্মস্থলের কাছেই গোড়াই এলাকায় বসবাস করছেন পরিবার নিয়ে। দীর্ঘ কয়েক বছর ধরে একই প্রতিষ্ঠানে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন তিনি। তার অধীনে অসংখ্য শ্রমিক কাজ করেন, আর তাদের কাছে তিনি শুধুই একজন কর্মকর্তা নন—একজন অভিভাবকও বটে।
সহকর্মীদের কাছে তিনি অত্যন্ত সৎ, পরিশ্রমী ও মানবিক একজন মানুষ হিসেবে পরিচিত। নিয়মিত নামাজ আদায়কারী ও পরহেজগার এই মানুষটি ব্যক্তিজীবনেও অত্যন্ত সাদামাটা। কর্মব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেন সবসময়। তার পরিবারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে—যাদের ভবিষ্যৎ গড়ার স্বপ্নই তাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে।
গোড়াই ইউনিয়ন আজ একটি ব্যস্ত শিল্পাঞ্চলে পরিণত হয়েছে, যেখানে গড়ে উঠেছে একাধিক শিল্প কারখানা। এই শিল্পায়নের চাকা সচল রাখতে সিদ্দিকুর রহমানের মতো দক্ষ ও নিবেদিতপ্রাণ মানুষের অবদান অনস্বীকার্য।
জীবনের বাস্তবতা, দায়িত্ববোধ এবং ভবিষ্যৎ স্বপ্ন—সবকিছু মিলিয়ে সিদ্দিকুর রহমান যেন এক জীবন্ত উদাহরণ। তার মতো মানুষের হাত ধরেই এগিয়ে যাচ্ছে দেশের শিল্পখাত, আর গড়ে উঠছে আগামীর সম্ভাবনাময় বাংলাদেশ।










