আড়াই ঘণ্টার অভিযানে শূন্য হাতে ফিরল যৌথ বাহিনী।
কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলীর বাসভবনে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের অবস্থানের অভিযোগে শুক্রবার (১৯ জুন) রাতে পরিচালিত এ অভিযানে বাড়ির বিভিন্ন অংশে তল্লাশি চালানো হলেও কাউকে আটক করা হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় অবস্থিত সাবেক মেয়র আনোয়ার আলীর বাসভবনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কুষ্টিয়া মডেল থানা পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা অংশ নেন। অতিরিক্ত পুলিশ সুপার হাসান ইমামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাড়ির ভেতর ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়।
পুলিশ সূত্র জানায়, সাবেক মেয়রের ছেলে পারভেজ আনোয়ার তনুর বাসভবনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও কাউকে পাওয়া যায়নি। ফলে কাউকে আটক ছাড়াই অভিযান শেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফিরে যান।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচির বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নজরদারি চালাচ্ছে। এ প্রেক্ষাপটে বিভিন্ন স্থানে তৎপরতা সংক্রান্ত তথ্য যাচাই-বাছাইয়ের অংশ হিসেবেও এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে।
এদিকে অভিযানের সময় এলাকায় বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা জড়ো হন। তারা সাবেক মেয়র আনোয়ার আলী ও তার পরিবারের প্রতি সমর্থন প্রকাশ করেন এবং অভিযানের বিষয়ে অসন্তোষ জানান। স্থানীয়দের দাবি, আনোয়ার আলী বর্তমানে অসুস্থ এবং দীর্ঘদিন ধরে এলাকার জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা তল্লাশি অভিযান পরিচালনা করেছি। তবে কাউকে পাওয়া যায়নি। এজন্য কাউকে আটকও করা হয়নি।”
অভিযানকে কেন্দ্র করে এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।












