নওগাঁয় উন্নয়ন যাত্রার নতুন দিগন্ত: দু‘টি আর.সি.সি রাস্তা ও ফুটপাত কাজের উদ্বোধন
নওগাঁ পৌরসভার অবকাঠামোগত উন্নয়নে যুক্ত হলো নতুন পালক। শুক্রবার (১৯ জুন) বিকেলে নওগাঁর গোস্তহাটির মোড় থেকে নাপিতপাড়া মোড় এবং আরজী-নওগাঁ দপ্তরীপাড়া আকবরিয়া মসজিদ ড্রেন নির্মাণসহ আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বিকেল ৫টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে উন্নয়ন কাজের শুভ সূচনা করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু।
দীর্ঘদিন ধরে চলা জনদুর্ভোগ লাঘব এবং আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে এই প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে। আর.সি.সি (RCC) প্রযুক্তিতে নির্মিত এই রাস্তা এবং ফুটপাতগুলো শহরবাসীর চলাচলে যেমন স্বাচ্ছন্দ্য আনবে, তেমনি বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনে আকবরিয়া মসজিদের ড্রেন নির্মাণ কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধন শেষে স্থানীয়দের নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী সেলিম রেজা, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ এবং সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বেলালসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাহিদুল ইসলাম ধলু বলেন, “বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হলো প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়ন। নওগাঁ পৌরসভাকে একটি মডেল শহর হিসেবে গড়ে তোলার জন্য উন্নয়ন প্রকল্পগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।”
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন পর এই উন্নয়ন কাজের উদ্বোধন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়রা আশা করছেন, রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা ও যাতায়াত পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটবে।










